বগুড়ায় দুই সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে শসার দাম অর্ধেকে নেমে এসেছে। ৮০০ টাকার শসা এখন ৪০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। এতে উৎপাদন খরচ না ওঠায় বিপাকে পড়েছেন চাষিরা। তবে পাইকারি বাজারে শসার দাম পড়ে গেলেও খুচরা বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩২ টাকায়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক চণ্ডীদাস কুণ্ডু জানিয়েছেন, এ বছর প্রায় এক হাজার হেক্টর জমিতে শসা ও দেড় হাজার হেক্টর জমিতে ক্ষীরা চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন অন্যবারের চেয়ে ভালো হয়েছে।
চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোরবানির ঈদের পরও খেত থেকে শসা তুলে হাটে নিয়ে তাঁরা ৮০০ টাকা মণ দরে বিক্রি করেছেন। অথচ এখন সেই শসা ৪০০ টাকা মণ দরেও বিক্রি হচ্ছে না। পরিবহন খরচ বাদ দিলে এক কেজি শসায় কৃষকের গড়ে টিকছে নয় টাকা।
গতকাল বুধবার সারিয়াকান্দি উপজেলার রামনগর মাঠে খেত থেকে শসা তুলছিলেন রামনগর গ্রামের কৃষক সেলিম মিয়া (৪৫)। তিনি বলেন, ‘৫৫ শতক জমিতে শসার আবাদ করেছি। হালচাষ, সার-নিড়ানিতে খরচ হয়েছে প্রায় ২৫ হাজার টাকা। খেত থেকে এ পর্যন্ত ৩৬ মণ শসা বিক্রি করে ১৮ হাজার টাকা হাতে পেয়েছি। এখন দাম পড়ে গেছে, খরচ উঠবে বলে মনে হচ্ছে না।’
রামনগর গ্রামের শসাচাষি আনারুল ইসলাম বলেন, দুই সপ্তাহ আগে খেতেই প্রতি মণ শসা ৮০০ টাকা দরে বিক্রি হয়েছে। এখন ক্রেতা নেই। গত সোমবার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা হাটে ১০ মণ শসা নিয়ে প্রতি মণ ৪০০ টাকায় বিক্রি করতে হয়েছে। ভটভটি ভাড়া বাদ টিকেছে ৩৮০ টাকা।
মহাস্থানহাটে শসা বিক্রি করতে আসা বলরামপুর গ্রামের জহুরুল ইসলাম বলেন, ‘এক বিঘা ভিটাত সোয়াশ (শসা) লাগাচি। ফলন ভালোই পাচ্চি। কিন্তু দাম পাচ্চি না। মৌসুম শ্যাষ হয়্যা যাচ্ছে। খরচ উঠপিনা।’
গাবতলীর আকন্দপাড়ার কৃষক নারায়ণ চন্দ্র বলেন, ‘খ্যাতত থ্যাকে পাইকার অ্যাসে এক কেজির শসার দাম হামাগরক দিচ্চে আট থ্যাকে দশ টেকা। এক হাত বদল হয়্যা এই শসা শহরত বিক্রি হচ্চে তিন গুণ বেশি দামে।’
নারায়ণ চন্দ্রের এই কথার সত্যতা মিলল গতকাল বগুড়ার ফতেহ আলী বাজারে গিয়ে। কৃষকের কাছ থেকে ১০ টাকা কেজি দরে কেনা তাজা শসা ফতেহ আলী বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৮ থেকে ৩২ টাকায়। রাজাবাজারের সবজির ব্যাপারী সামছুল হক অবশ্য বলেন, কৃষকের কাছ থেকে ১০ টাকা কেজি দরে শসা কিনে শহরে আনতে কেজিতে আরও এক থেকে দেড় টাকা খরচ পড়ে। কেজিতে গড়ে চার টাকা লাভ রেখে তাঁরা বিক্রি করেন। খুচরা বিক্রেতারা কিছু লাভ রেখে বিক্রি করেন।