কাঁচাবাজারে সবজির ঝাঁজ কমছে না। পাইকারি বাজারের চেয়ে খুচরা বাজারে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে পণ্য। বাজার নিয়ন্ত্রণে বরিশাল মহানগরে কোনো উদ্যোগ নেই বলে ভোক্তারা অভিযোগ করেছেন।
সরেজমিনে দেখা গেছে, নগরের নতুন বাজার, বাজার রোড, বাংলা বাজার, সিটি মার্কেট, হাসপাতাল রোড, নাজিরের পুল, কালীবাড়ি সড়ক, পোর্ট রোড, খেয়াঘাট বাজারে বিভিন্ন দামে পণ্য কেনাবেচা হচ্ছে। রোজার প্রথম দিন চার গুণ বেশি দামে বিক্রি হলেও বর্তমানে বাজারভেদে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। নগরের কোনো বাজারে মূল্যতালিকা টানানো দেখা যায়নি।
পাইকারি বাজার সিটি মার্কেটে কাঁচা মরিচ ৩৫ টাকা, বেগুন ৩০, পটোল ১৩, কাঁকরোল ২৫, ঢ্যঁাড়স ২০, করলা ১৫, শসা ১৪, লেবু ১১ টাকা হালি, ঝিঙে ২০, পেঁপে ১০, বরবটি ২০, টমেটো ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
পাইকারি বাজারের ব্যবসায়ী টিটু ঘোষ বলেন, পাইকারি বাজারে কেনাবেচা করতে ক্যাশ মেমো দরকার হয়। কিন্তু খুচরা বাজারে ক্যাশ মেমো না থাকা এবং বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার না হওয়ায় দ্বিগুণ দামে পণ্য বিক্রি হচ্ছে। সার্বিকভাবে ভোক্তাদের ওপর চাপ বাড়ে।
নগরের নতুন বাজার এলাকায় প্রায় সব পণ্য দ্বিগুণ দামে বিক্রি হতে দেখা গেল। এই বাজারে কাঁচা মরিচ ৪০ টাকা, শসা ২৫, বেগুন ৪৫, করলা ৩০, পটোল ২০, কাঁকরোল ৪০, ঢ্যঁাড়স ৩৫, লেবু ১৫-২০ টাকা হালি, ঝিঙে ৪০, পেঁপে ২৫, বরবটি ৪০, টমেটো ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
নতুন বাজার থেকে বাজার করেন হুমায়ুন কবির। তিনি জানান, বাজার ব্যবস্থাপনায় কোনো উদ্যোগ নেই। বিক্রেতারা যে দাম হাঁকে, সেই দামেই কিনতে হয়। রোজা শুরু হওয়ার পর থেকে বিক্রেতারা ইচ্ছামতো দাম বাড়িয়ে দিয়েছে।
কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বরিশালের সাধারণ সম্পাদক রণজিৎ দত্ত প্রথম আলোকে বলেন, ‘পাইকারি বাজার থেকে বের হয়ে পাঁচ গজ দূরে গেলেই দাম দ্বিগুণ হয়ে যায়। সব দায় ওঠে ভোক্তাদের ওপর। প্রতিনিয়ত ভোক্তারা ঠকলেও তেমন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া জরুরি।’
বরিশাল জেলা মার্কেটিং কর্মকর্তা মো. লিয়াকত আলী বলেন, ‘পাইকারি বাজার থেকে খুচরা বাজারে দাম বেশি নেওয়া হচ্ছে এটা ঠিক। এ জন্য শুধু বিক্রেতা নয়, ক্রেতারাও অনেকাংশে দায়ী। মনিটরিং নেই বলা যাবে না। রোজার শুরুতে দাম বেশি থাকলেও বর্তমানে স্বাভাবিক আছে। মূলত জনসচেতনতার অভাবে মনিটরিং করলেও কাজে আসছে না।’