পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে, প্রভাব নেই খুচরায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজারদর
বাজারদর

পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমলেও রাজধানীর খুচরা বাজারে তার কোনো প্রভাব পড়েনি। গতকাল শুক্রবারও বিভিন্ন বাজারে পেঁয়াজের বর্ধিত মূল্য দেখা গেছে। ফলে পাইকারিতে দাম কমার সুবিধা পাচ্ছে না সাধারণ মানুষ।
গতকাল কারওয়ান বাজার, মিরপুরের কাজীপাড়াসহ একাধিক বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ মানভেদে ৭০ থেকে ৭৫ টাকা এবং আমদানি করা ভারতীয় পেঁয়াজ ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হয়েছে। অথচ পাইকারি বাজারে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজের দাম ৭০ টাকার নিচে নেমে এসেছে।
আমদানিকারক ও পাইকারি বিক্রেতারা বলছেন, পেঁয়াজের আমদানি বেড়েছে। ফলে দাম কমছে। যে সংকট তৈরি হয়েছিল, আমদানি বৃদ্ধি পাওয়ায় তা আর নেই। মজুত বৃদ্ধি পাওয়ায় পাইকারি বাজারে পেঁয়াজের দামও নিম্নমুখী।
যশোরের বেনাপোলের আমদানিকারক প্রতিষ্ঠান হামিদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবদুল হামিদ সরদার প্রথম আলোকে বলেন, ‘গতকাল দেশের বিভিন্ন অঞ্চলের পাইকারি বিক্রেতাদের কাছে ভারতীয় পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা কেজিতে বিক্রি করেছি। গত সপ্তাহে এই দাম ছিল ৬৮ থেকে ৭০ টাকা। এখন আগের চেয়ে আমদানির পরিমাণ বেড়েছে। ফলে দাম পড়তে শুরু করেছে।’
আবদুল হামিদ জানান, কোরবানির ঈদ সামনে রেখে পেঁয়াজের দাম বৃদ্ধির আশঙ্কা নেই।
রাজধানীর শ্যামবাজারের পাইকারি প্রতিষ্ঠান রতন এন্টারপ্রাইজের মালিক রতন সাহা বলেন, গতকাল পাইকারি বাজারে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ মানভেদে ৫০ থেকে ৭৫ টাকায় বিক্রি হয়েছে। দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে প্রতি কেজি ৬৪-৬৫ টাকায়। পাইকারিতে দাম কমার প্রভাব খুচরা বাজারে না থাকার কারণ সম্পর্কে তিনি বলেন, খুচরা বিক্রেতারা এক বস্তা পেঁয়াজ কিনলে তা বিক্রি করতে বেশ কয়েক দিন লাগে। এতে কিছু পেঁয়াজ হয়তো নষ্ট হয়। বাকি পেঁয়াজ থেকে ওই ক্ষতি পুষিয়ে নেন তাঁরা। তাই পাইকারিতে দাম কমলেও খুচরা বাজারে তার প্রভাব দেখা যাচ্ছে না।
রতন সাহা আরও বলেন, ভারতে যত দিন পেঁয়াজের বাজার স্থিতিশীল না হবে, তত দিন বাংলাদেশেও এর দামের উত্থান-পতন থাকবে।
এদিকে একাধিক কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, শাকসবজির দাম প্রায় স্থিতিশীল রয়েছে। কমেছে বোতলজাত সয়াবিন (পাঁচ কেজি) তেল ও চিনির দাম। গতকাল পাঁচ কেজির বোতলজাত সয়াবিন তেল বিক্রি হয় ৫৭০ থেকে ৫৭৫ টাকায়। আগের সপ্তাহের চেয়ে দাম কমেছে ১৫ টাকা। চিনির দাম আগের সপ্তাহের চেয়ে কেজিতে দুই-তিন টাকা কমে বিক্রি হচ্ছে ৪২-৪৩ টাকায়।
কারওয়ান বাজারে গতকাল প্রতি কেজি বেগুন ও কাঁকরোল ২৫ টাকা, টমেটো ৬৫, আলু ১৫, পটোল ২০, বরবটি ৪০, ঢ্যাঁড়স ৩০-৪০ এবং ছোট ও মাঝারি আকারের প্রতিটি লাউ ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হয়েছে।
মাছের বাজারে বড় আকারের প্রতি হালি ইলিশ এক হাজার ৮০০ থেকে দুই হাজার টাকা। প্রতিটি ৮০০ গ্রাম ওজনের এক হালি ইলিশের দাম এক হাজার ২০০ থেকে এক হাজার ৪০০ টাকা। রুই প্রতি কেজি ২০০ থেকে ২২০ টাকা এবং তেলাপিয়া ১৩০ টাকায় বিক্রি হয়েছে।