পাইকারির চেয়ে খুচরার দাম দ্বিগুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রমজানের শুরুতেই খুলনার বিভিন্ন কাঁচাবাজারে আগের চেয়ে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে বিভিন্ন সবজি। ছবিটি খুলনার নিউমার্কেট কাঁচাবাজার থেকে গতকাল তোলা l প্রথম আলো
রমজানের শুরুতেই খুলনার বিভিন্ন কাঁচাবাজারে আগের চেয়ে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে বিভিন্ন সবজি। ছবিটি খুলনার নিউমার্কেট কাঁচাবাজার থেকে গতকাল তোলা l প্রথম আলো

পবিত্র রমজানের শুরুতেই খুলনার বিভিন্ন কাঁচাবাজারে আগের চেয়ে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে বিভিন্ন সবজি। তা ছাড়া পাইকারি ও কাঁচাবাজারের দামের মধ্যে পার্থক্য রয়েছে দ্বিগুণেরও বেশি।

পাইকারি কাঁচাবাজার মালিক সমিতি কর্তৃপক্ষ বলছে, বাজারে সবজির ব্যাপক সরবরাহ রয়েছে। এ বাজারে সবজির দাম না বাড়লেও বিক্রেতারা খুচরা বাজারে গিয়ে দাম বাড়াচ্ছেন।
খুলনার পাইকারি বাজার থেকে নগরের মধ্যে অবস্থিত যেকোনো খুচরা বাজারের দূরত্ব সর্বোচ্চ পাঁচ কিলোমিটার। এটুকু পথ আসতেই পণ্যের দাম বেড়ে যাচ্ছে দ্বিগুণেরও বেশি। ক্রেতাদের অভিযোগ, ঠিকমতো বাজার তদারকি না হওয়ায় এসব জিনিসের মূল্য বাড়ছে।
গতকাল মঙ্গলবার নগরের সোনাডাঙ্গায় অবস্থিত পাইকারি কাঁচাবাজারে মূল্যতালিকা থেকে জানা যায়, বেগুন বিক্রি হয়েছে ২৪ থেকে ৩০ টাকায়, পটোল ৮ থেকে ১২, ঝিঙে ১০ থেকে ১২, কাঁকরোল ২৮ থেকে ৩০, করলা ১৫ থেকে ১৬, বরবটি ১৪ থেকে ১৫, কাঁচকলা ২০ থেকে ২৪, লাউ প্রতিটি ১২ থেকে ১৪, চালকুমড়া প্রতিটি ১০ থেকে ১২, পেঁপে ১৪ থেকে ১৬, খিরা ১৬ থেকে ২০, কচুরমুখী ২৮ থেকে ৩০, কচুর লতি ১৮ থেকে ২০, ঢ্যাঁড়স ১৪ থেকে ১৫, পুঁইশাক ৩ থেকে ৪ এবং আলু ১৮ থেকে ১৯ টাকা। গতকাল নগরের কয়েকটি খুচরা কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, কোনোটিতেই সিটি করপোরেশন থেকে কোনো মূল্যতালিকা দেওয়া হয়নি। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারগুলোতে বেগুন ৪০ থেকে ৪৫ টাকা, ঝিঙে ৩০, পটোল ২০ থেকে ২৫, কাঁকরোল ৩৫ থেকে ৪০, করলা ২৮ থেকে ৩০, বরবটি ৩০, কাঁচকলা ৩০ টাকা (চারটি), লাউ প্রতিটি ২৫ থেকে ৩০, চালকুমড়া প্রতিটি ২০ থেকে ২৫, পেঁপে ২৫ থেকে ৩০, খিরা ৩০ থেকে ৩৫, কচুরমুখী ৩৫ থেকে ৪০, ঢ্যাঁড়স ২৫ থেকে ৩০, পুঁইশাক ২০ থেকে ২৫ এবং আলু ২৪ থেকে ২৬ টাকায় বিক্রি হচ্ছে।
খুচরা বাজারে পণ্যের মূল্য বৃদ্ধির কারণ জানতে চাইলে নিউমার্কেট বাজারের ব্যবসায়ী মো. হাসান দাবি করেন, পাইকারি বাজার থেকেই বেশি দামে সবজি কিনতে হচ্ছে।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন কেসিসি পাইকারি বাজার সমিতির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম। তিনি বলেন, যে দামে পণ্য বিক্রি হচ্ছে সেটাই তালিকায় দেওয়া হয়। আর পণ্য নিয়ে যাওয়ার সময় খুচরা বিক্রেতাদের পণ্য ক্রয়ের রসিদ দেখাতে হয়। তবে ব্যবসায়ীরা ওই রসিদ পাইকারি বাজার থেকে বের হয়ে যাওয়ার পর ছিঁড়ে ফেলেন। তবে খুচরা বাজার কমিটি যদি নিয়মিত বিক্রেতাদের পণ্য ক্রয়ের রসিদ পরীক্ষা করে তাহলে তারা আর উচ্চমূল্য রাখতে পারবে না।
খুলনা সিটি করপোরেশনের বাজার তত্ত্বাবধায়ক গাজী সালাউদ্দিন দুপুরের দিকে প্রথম আলোকে বলেন, ‘ভারপ্রাপ্ত মেয়রকে সঙ্গে নিয়ে বাজার পরিদর্শনে বের হয়েছি। পরিদর্শনে দোকানদারদের পাইকারি বাজারের রসিদ, মূল্যতালিকার বোর্ড ও নিরাপদ খাদ্যের ব্যাপারটি লক্ষ্য করা হচ্ছে।’