পাইপ অপসারণ না করায় স্থবির কালভার্ট নির্মাণকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ব্যস্ততম এলাকা জিইসি মোড়ের কালভার্টের পুনর্নির্মাণকাজ স্থবির হয়ে আছে। আড়াই মাসে মাত্র ৩০ শতাংশ কাজ শেষ হয়েছে। নির্মাণকাজের ধীরগতির জন্য পরস্পরকে দায়ী করছে চট্টগ্রাম সিটি করপোরেশন ও ওয়াসা।
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. আবু ছালেহ প্রথম আলোকে বলেন, কালভার্টের নিচে ওয়াসার দুটি পাইপ ছিল। এগুলো অপসারণের জন্য এক মাস আগে অর্থ পরিশোধ করা হয়েছে। কিন্তু ওয়াসা এখনো পাইপগুলো সরায়নি। এতে কালভার্টের কাজ পুরোদমে করা সম্ভব হচ্ছে না।
করপোরেশন ও ওয়াসার মধ্যে চিঠি চালাচালির কারণে গত মে মাসে এ কালভার্টের নির্মাণকাজ বন্ধ ছিল। গত জুনে কাজ শুরু হলেও তা চলছে ধীরগতিতে। নগরের গুরুত্বপূর্ণ এ সড়কের এক পাশ বন্ধ রাখায় প্রতিদিন সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসী ও স্থানীয় ব্যবসায়ীদের।
সিটি করপোরেশন সূত্র জানায়, জলাবদ্ধতা নিরসনে নগরের জিইসি মোড়ের সেন্ট্রাল প্লাজা শপিং কমপ্লেক্সের সামনের পুরোনো কালভার্টটি ভেঙে উঁচু করে পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেয় করপোরেশন। সিটি করপোরেশনের মেয়র মন্জুর আলম গত ২১ এপ্রিল কালভার্টের পুনর্নির্মাণকাজ উদ্বোধন করেন। কালভার্টের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৫১ লাখ টাকা।
করপোরেশন সূত্র জানায়, পুরোনো কালভার্টের নিচে ওয়াসার ৩০০ মিলিমিটার ও ১৫০ মিলিমিটার ব্যাসের দুটি পাইপ ছিল। করপোরেশন পাইপগুলো অপসারণের জন্য গত ২৪ এপ্রিল ওয়াসাকে চিঠি দেয়। ওয়াসা পাইপ সরানোর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে ১৮ মে করপোরেশনকে চিঠি দেয়।
ওয়াসা বড় পাইপ অপসারণের জন্য চার লাখ ১২ হাজার ৬৮৪ টাকা ও ছোট পাইপ অপসারণের জন্য এক লাখ ২৯ হাজার ২৮২ টাকা দাবি করে। করপোরেশন গত ২৬ মে ওই অর্থ পরিশোধ করে। এরপর ওয়াসা ২৭ মে পাইপ সরানোর কাজ শুরু করলে তা এখনো শেষ হয়নি।
ওয়াসার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম সিটি করপোরেশনের অসহযোগিতায় পাইপ সরাতে দেরি হচ্ছে বলে দাবি করেন। তবে তিনি বলেন, ‘সোমবারের মধ্যেই পাইপ সরানোর কাজ শেষ হবে।’
গতকাল সোমবার বিকেলে সরেজমিনে দেখা যায়, কালভার্ট নির্মাণের জন্য সেন্ট্রাল প্লাজার সামনের রাস্তার এক পাশ খনন করে ফেলা রাখা হয়েছে। এতে দুই লেনবিশিষ্ট সড়কের এক লেন বন্ধ হয়ে গেছে।
স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ সেলিম বলেন, আড়াই মাসেও কালভার্টের নির্মাণকাজ শেষ হয়নি। অর্ধসমাপ্ত অবস্থায় ফেলে রাখায় ক্রেতারা দোকানে আসতে পারছেন না। অশোক দাশ নামের এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিদিনই এ সড়কে যানজট লেগে থাকে।