পাইপ বসানোর কাজ শেষ সংস্কার করা হয়নি সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের আওতায় পানির পাইপলাইন স্থাপনের জন্য চট্টগ্রাম নগরের বিভিন্ন সড়কে খোঁড়াখুঁড়ি শুরু করেছে ওয়াসা। কিন্তু অনেক জায়গায় পাইপ বসানো হলেও পরে সড়ক সংস্কার করা হয়নি। এতে নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ওয়াসা সূত্র জানায়, চট্টগ্রাম নগরের পানি সমস্যা নিরসনে এক হাজার ৫১০ কোটি ১৮ লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে বাস্তবায়িত হচ্ছে ‘কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প’। বাংলাদেশ সরকার ও জাইকা এই প্রকল্পে অর্থায়ন করছে। জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান কুবুতা ও মারুবিনি কনসোর্টিয়াম পাইপলাইন বসানোর কাজ করছে। ওয়াসার প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আবদুল করিম চৌধুরী প্রথম আলোকে বলেন, রাস্তা সংস্কারের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের দাবি করা অর্থ আগেই পরিশোধ করা হয়েছে। এখন মেরামতের দায়িত্ব তাদের।
সরেজমিনে দেখা যায়, চট্টগ্রাম নগরের অন্তত পাঁচটি সড়কে পাইপ বসানোর কাজ শেষ হলেও কার্পেটিং না করে ফেলা রাখা হয়েছে ২০-২৫ দিন ধরে। ইটের খোয়া ও বালু দিয়ে খনন করা অংশ ভরাট করা হয়েছে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। যানজট সৃষ্টি হচ্ছে। সড়কগুলো হচ্ছে নগরের আসকারদীঘির পাড় হতে জামালখান মোড়, চট্টগ্রাম প্রেসক্লাবের সামনের সড়ক, জে এম সেন হল মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত কে বি আবদুছ সাত্তার সড়ক, চকবাজার থেকে প্রবর্তক মোড় পর্যন্ত সড়ক এবং বায়েজিদ বোস্তামি সড়ক।
ব্যাটারিচালিত রিকশার চালক আবদুর রহিম বলেন, সড়কের এ অবস্থার কারণে রিকশা চালাতে কষ্টের সীমা নেই।
সিটি করপোরেশন সূত্র জানায়, পাইপ বসানোর জন্য নগরের ২৭ হাজার ৯৭৮ দশমিক ৫৩ বর্গমিটার পাকা রাস্তা এবং চার হাজার ৯৭৮ দশমিক ৩ বর্গমিটার কাঁচা রাস্তা খনন করার অনুমতি নিয়েছে ওয়াসা। এতে নগরের ২৭টি সড়ক ব্যবহার করা হচ্ছে। সড়ক সংস্কারের জন্য করপোরেশন ১২ কোটি ১৫ লাখ ৬৬ হাজার ৮১১ টাকা দাবি করে। তবে ১৩ মার্চ ওয়াসা আট কোটি ৪৯ লাখ চার হাজার ৫৭১ টাকা পরিশোধ করে।
সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন বলেন, ওয়াসা ছাড়পত্র দিলে এবং দুই সংস্থার যৌথ পরিমাপের পর রাস্তা মেরামত করা সম্ভব হবে। এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে অন্তত এক মাস সময় লাগবে। তবে ওয়াসার প্রধান প্রকৌশলী বলেছেন ছাড়পত্র দেওয়া আছে।