পাইপলাইন থেকে চুরির সময় ৩০০ লিটার তেল উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সাতবর্গ এলাকায় পেট্রোবাংলার পাইপলাইন থেকে অপরিশোধিত জ্বালানি তেল চুরির সময় ৩০০ লিটার তেল উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার গভীর রাতে বিজয়নগরের ইসলামপুর ফাঁড়ির পুলিশ এসব ড্রাম উদ্ধার করে। এ ঘটনায় ব্যবহূত ট্রাকটি আটক করা হলেও চুরির সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়।বিজয়নগর থানার পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদে ওই তেল চুরির খবর পেয়ে পুলিশের একটি দল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার সাতবর্গ শ্মশানঘাটে হাজির হয়। সেখানে একটি ট্রাকে ছোটবড় ১৬টি ড্রাম ছিল। তেলের মূল পাইপলাইনে প্লাস্টিকের পাইপ লাগিয়ে এসব ড্রামে ভরা হচ্ছিল অপরিশোধিত জ্বালানি তেল।পুলিশের উপস্থিতি টের পেয়ে চুরির সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়। এ সময় তিনটি তেলভর্তি ড্রামসহ ১৬টি ড্রাম উদ্ধার করা হয়। এসব ড্রামে ৩০০ লিটার তেল ছিল।পেট্রোবাংলা আশুগঞ্জের দায়িত্বে থাকা উপমহাব্যবস্থাপক আবদুল মোমেন প্রথম আলোকে বলেন, গ্যাসের সঙ্গে উত্তোলিত অপরিশোধিত জ্বালানি তেল পাইপলাইনে সিলেট থেকে আশুগঞ্জ নৌবন্দরে আসে। এখান থেকে নৌপথে যায় চট্টগ্রামে। সেখানে পরিশোধিত হয়। সিলেট-আশুগঞ্জ পাইপলাইন ছিদ্র করে দুর্বৃত্তরা তেল চুরি করছিল।নাম প্রকাশ না করার শর্তে পেট্রোবাংলা ও পুলিশের দুজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, তেলের পাইপলাইনটি স্পর্শকাতর। এই লাইন ছিদ্র হলে বড় ধরনের অঘটনের আশঙ্কা রয়েছে। এ কারণে নিরাপত্তার জন্য একটি প্রতিষ্ঠান দায়িত্ব পালন করছে। নিরাপত্তার দায়িত্বে থাকা ওই প্রতিষ্ঠানের লোকজনের যোগসাজশে পাইপলাইন থেকে তেল চুরির ঘটনা ঘটছে বলে দাবি করেন তাঁরা।বিজয়নগরের ইসলামপুর ফাঁড়ির দায়িত্বে থাকা পুলিশের উপপরিদর্শক (এসআই) নূর হোসেন বলেন, এ বিষয়ে পেট্রোবাংলার পক্ষে অভিযোগ দেওয়ার পর থানায় মামলা হয়েছে।