রাঙ্গুনিয়ায় নির্মাণাধীন কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের পানি শহরে আনতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ২১ কিলোমিটার সড়কের কার্পেটিং কেটে পাইপলাইন বসাতে চায় ওয়াসা। এ জন্য ছয় মিটার চওড়া কার্পেটিংয়ের এক পাশে দুই মিটার কেটে ফেলতে হবে।সওজ বলেছে, এক পাশ কাটলে পুরো রাস্তার গঠন নষ্ট হয়ে যাবে। তাই দুই মিটার কার্পেটিং কাটা হলেও নতুন করে ছয় মিটার কার্পেটিং করে দিতে হবে। ওয়াসা কর্তৃপক্ষ তাতে সম্মত নয়। এ নিয়ে সরকারি দুই প্রতিষ্ঠানের মধ্যে দেখা দিয়েছে দ্বন্দ্ব। এ কারণে পাইপলাইন বসানোর কাজ শুরু হচ্ছে না। জেলার রাঙ্গুনিয়া উপজেলার পোমরা এলাকায় নির্মাণাধীন কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের পাইপলাইন বসানোর কাজটি করছে জাপানি যৌথ মালিকাধীন প্রতিষ্ঠান মারুবিনি-কোবোতা। এতে ব্যয় হচ্ছে প্রায় ৭১০ কোটি টাকা। এ ছাড়া প্রকল্পের যন্ত্রপাতি স্থাপনে ৩০২ কোটি টাকা এবং শহরে দুটি জলাধার নির্মাণে ১৪৫ কোটি টাকা ব্যয় হচ্ছে। পুরো প্রকল্পের ব্যয় ধরা হয়েছে এক হাজার ৫১০ কোটি টাকা। জাইকার অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ প্রথম আলোকে বলেন, পৃথিবীর সব জায়গাতেই এ ধরনের পাইপলাইন শক্ত মাটির ওপর স্থাপন করতে হয়। এ জন্য সড়ক দিয়েই তা নিতে হয়। চট্টগ্রাম ওয়াসার ভূ-উপরি ভাগের একমাত্র পানি শোধনাগার প্রকল্প মোহরার পাইপলাইনও সড়ক দিয়েই গেছে। কিন্তু বর্তমানে সড়কে পাইপ বসাতে সওজ যেভাবে বাধা দিচ্ছে তা অযৌক্তিক। সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনায়েদ আহসান প্রথম আলোকে বলেন, ‘ওয়াসা কর্তৃপক্ষ চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কার্পেটিং কেটে পাইপলাইন বসানোর পরিকল্পনা করে দেড় বছর আগে। অথচ বিষয়টি তারা আমাদের জানায়নি। জানালে বিকল্প ব্যবস্থা অবশ্যই করা যেত। এখন হঠাৎ বলছে, তারা চূড়ান্ত নকশা তৈরি করে ফেলেছে, যা পরিবর্তন করা সম্ভব নয়। তার পরও আমরা তাদের সহযোগিতা করেছি। ইতিমধ্যে ওয়াসার সঙ্গে একটি যৌথ জরিপও চালিয়েছি। আন্তমন্ত্রণালয়ের বৈঠক হয়েছে তিনবার। এরপর যোগাযোগ মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দেবে সেটাই বাস্তবায়িত হবে।’ ওয়াসা সূত্রে জানা যায়, রাঙ্গুনিয়ার পোমরা থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত মোট ৩৯ কিলোমিটার পাইপলাইন বসাতে হবে। এর মধ্যে সওজের মালিকানাধীন ২১ কিলোমিটার সড়ক ব্যবহার করা হবে। অবশিষ্ট পাইপলাইন সিটি করপোরেশনের সড়ক দিয়ে শেরশাহ ও লালখানবাজার এলাকায় নির্মাণাধীন জলাধার পর্যন্ত আসবে। ১৮ ফুট দীর্ঘ প্রতিটি খালি পাইপের ওজন চার টন। পানি প্রবাহের সময় এর ওজন ১০ টনে উন্নীত হবে। ফলে এ ধরনের ভারী পাইপলাইন সড়কের শক্ত কংক্রিটের ওপর বসানোর পক্ষেই পরামর্শকেরা মত দেন। সওজের কর্মকর্তারা সড়কের পাশে অধিগ্রহণ করা জমির ওপর দিয়ে এটি স্থাপনের পরামর্শ দিলেও ওই কারণে ওয়াসা তাতে সম্মত হয়নি।