পাইপলাইন হলেও গ্যাস মিলছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাইপলাইনে গ্যাসের জন্য বহুদিন ধরে আন্দোলন করে আসছে রাজশাহীবাসী। এরই ফলে গত ৩০ জানুয়ারি পাইপলাইন বসানোর কাজ শেষ হয়েছে। এর মাধ্যমে প্রায় আড়াই হাজার বাসাবাড়িতে সংযোগ দেওয়া যাবে। কিন্তু আবাসিক গ্যাস সংযোগের অনুমতি মিলছে না।নগরের রামচন্দ্রপুর এলাকার কলেজশিক্ষক শামছুল হক জানান, রাজশাহীতে সিলিন্ডারে সরবরাহকৃত এলপি গ্যাস ব্যবহার করছেন তাঁরা। দু-এক মাস পরপরই এই গ্যাসের দাম বাড়ে। এখন একটি সিলিন্ডারের দাম এক হাজার ৪০০ থেকে দেড় হাজার টাকা। তিনি বলেন, ‘বিএনপি ও আওয়ামী লীগ—দুই সরকারের সময় থেকেই রাজশাহীতে আবাসিক গ্যাস সংযোগ দেওয়ার কথা শুনে আসছি। প্রায় এক মাস হলো গ্যাস সংযোগের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। এখন সবকিছু করে আর অনুমতি দেওয়া হচ্ছে না।’পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি সূত্রে জানা গেছে, রাজশাহীতে গ্যাস সরবরাহের জন্য যখন উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরি করা হয়, তখন তাতে আবাসিক সংযোগের বিষয়টি ছিল। ডিপিপি অনুযায়ী, ইতিমধ্যে কোম্পানি ২৭০ কিলোমিটার পাইপলাইন স্থাপন করেছে। এর মধ্যে আট ইঞ্চি পাইপলাইন বসানো হয়েছে প্রায় ৩০ কিলোমিটার এলাকায়। বাকি এলাকায় বসানো হয়েছে এক থেকে ছয় ইঞ্চি পাইপ। এ কাজে তাদের ব্যয় হয়েছে প্রায় ৯৭ কোটি টাকা।জানা যায়, গত জানুয়ারি মাসে শুধু রাজশাহীর কলকারখানায় গ্যাস সরবরাহের অনুমতি দেওয়া হয়। অথচ এখানে এখনো শিল্প-কলকারখানা সেভাবে গড়ে ওঠেনি। এদিকে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির বরাদ্দ রয়েছে নয় কোটি ঘনফুট গ্যাস। এখন পর্যন্ত এর সাড়ে সাত কোটি ঘনফুট গ্যাস ব্যবহূত হচ্ছে। এখনো তাদের প্রকল্প এলাকা বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা কোথাও গ্যাস সংযোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। রাজশাহীতে বিদ্যমান চাহিদার বিপরীতে মাত্র ৩০ লাখ ঘনফুট গ্যাস হলেই চলে। এর মধ্যে বাসাবাড়িতে সংযোগের জন্য প্রায় ৭০ হাজার ঘনফুট গ্যাসের প্রয়োজন। অনুমতি দিলে ১০ দিনের মধ্যেই বাসাবাড়িতে সংযোগ দেওয়া সম্ভব হবে বলে কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন।রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, ‘প্রধানমন্ত্রী রাজশাহীতে এসে বলে গেলেন, জানুয়ারি মাসেই রাজশাহীতে গ্যাস পাওয়া যাবে। কিন্তু আমরা শুনেছি, গৃহস্থালির কাজে ব্যবহারের জন্য গ্যাসের অনুমতি পাওয়া যায়নি।’ যদি শেষ পর্যন্ত সরকার এই অবস্থানে অনড় থাকে, তাহলে রাজশাহীবাসী গ্যাসের জন্য ফের আন্দোলনে যাবে বলে জানান তিনি।রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান বলেন, ‘প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হয়েছে। রাজশাহীতে তেমন কলকারখানা এখনো গড়ে ওঠেনি। আবাসিক সংযোগ দেওয়ার জন্যই পাড়া-মহল্লায় পাইপলাইন বসানো হয়েছে। এটি সাড়ে ৩০০ কোটি টাকার প্রকল্প। বিষয়টি প্রধানমন্ত্রীকে বলা হয়েছে।’ মেয়র আরও বলেন, ‘হয়তো আরও দুই মাস পিছিয়ে যেতে পারে। কিন্তু আমরা গ্যাস পাবই।’ সাংসদ ফজলে হোসেন বলেন, চলতি সংসদেই তিনি রাজশাহীতে গৃহস্থালির কাজে ব্যবহারের জন্য গ্যাস সরবরাহের দাবি তুলবেন।