পাইপলাইনে গ্যাস ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস ও সকাল ছয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে গতকাল রোববার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেসক্লাব থেকে গণকপাড়ার মোড় পর্যন্ত মানববন্ধন করা হয়। মানববন্ধন থেকে বক্তারা রাজশাহীতে গ্যাস সরবরাহের ব্যাপারে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এবং জ্বালানি উপদেষ্টাকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মী, বেসরকারি সংস্থা (এনজিও) ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নারীরা প্রতীকী প্রতিবাদ হিসেবে হারিকেন, মাটির চুলা, গ্যাস সিলিন্ডার সামনে রাখেন। সংগঠনের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্যে সাধারণ সম্পাদক জামাত খান বলেন, ‘সারা দিনে ছয় ঘণ্টা বিদ্যুৎ থাকে না। এতে কলকারখানা অচল হয়ে পড়ছে। শিক্ষার্থীদের লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী জানুয়ারির মধ্যে রাজশাহীতে গ্যাস পৌঁছানোর ঘোষণা দেন। কিন্তু তাঁকে ভুল বুঝিয়ে এই সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।’জামাত খান বলেন, দাবি মেনে না নেওয়া হলে জেলা প্রশাসকের মাধ্যমে আগামী ১২ এপ্রিল প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে। তার পরও দাবি পূরণ না হলে পরবর্তী সময় হরতালের মতো কঠোর কর্মসূচি দিয়ে রাজশাহী অচল করে দেওয়া হবে। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তাবয়ন করে রাজশাহীতে পাইপলাইনের মধ্যেমে গ্যাস সরবরাহ করতে হবে। যারা এতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, তাদের বিচার করতে হবে।’ আরও বক্তব্য দেন জেলা ন্যাপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান খান, মহানগর বিএনপির সহসভাপতি এলাহী বক্স মণ্ডল, মহানগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য এন্তাজুল হক, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জোহা সরকার, জাসদের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ, পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুফিয়া হাসান, আবদুল মান্নান, আবুল কালাম আজাদ, রিয়াজ আহাম্মেদ, হারুন অর রশিদ, সেকেন্দার আলী, মাওলানা মাসুদুল্লাহ প্রমুখ।