পাইপলাইনের সীমাবদ্ধতায় তোলা যাচ্ছে না ১৫ কোটি ঘনফুট গ্যাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে বিদ্যমান ক্ষেত্রগুলোর অন্তত দুটি থেকে দৈনিক অতিরিক্ত প্রায় ১৫ কোটি (১৫০ মিলিয়ন) ঘনফুট গ্যাস তোলা সম্ভব। কিন্তু পাইপলাইনের সীমাবদ্ধতার কারণে অতিরিক্ত এই গ্যাস সঞ্চালন ও বিতরণের সুযোগ না থাকায় তা তোলা যাচ্ছে না।সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, মার্কিন কোম্পানি শেভরন পরিচালিত বিবিয়ানা থেকে বর্তমানে উত্তোলিত গ্যাসের অতিরিক্ত পাঁচ কোটি এবং জালালাবাদ ক্ষেত্র থেকে আরও ১০ কোটি ঘনফুট গ্যাস তোলা যায়। কিন্তু পাইপলাইনের সীমাবদ্ধতার কারণে সিলেট অঞ্চলের এই দুটি ক্ষেত্র থেকে অতিরিক্ত এই গ্যাস তুলে জাতীয় গ্রিডের মাধ্যমে দেশের অন্য অঞ্চলে নেওয়ার সুযোগ নেই।সর্বশেষ হিসাব অনুযায়ী, বর্তমানে দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা ২৫০ কোটি ঘনফুট। তবে উত্তোলন ও বিতরণ করা হচ্ছে ২০০ কোটি ঘনফুটের মতো। গ্যাস উত্তোলন ২২০ কোটি ঘনফুটে উন্নীত না হওয়া পর্যন্ত নতুন গ্যাস সংযোগ না দেওয়ার সিদ্ধান্ত রয়েছে। তবে তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ খান প্রথম আলোকে বলেন, গৃহস্থালি সংযোগ এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। শুধু শিল্প ও বাণিজ্যিক সংযোগ দেওয়া বন্ধ থাকবে।সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারের বর্তমান উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী আগামী এক বছরেও দৈনিক গ্যাস উত্তোলন ২২০ কোটি ঘনফুটে উন্নীত করা সম্ভব হবে না। এ সময়ে রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানির (বাপেক্স) কার্যক্রমে সর্বোচ্চ ১৫ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন বাড়তে পারে। আর কোনো নতুন গ্যাস আগামী এক বছরে জাতীয় গ্রিডে আসছে না। তাই পাইপলাইনের সীমাবদ্ধতা দূর করে বিবিয়ানা ও জালালাবাদ ক্ষেত্র থেকে অতিরিক্ত ১৫ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে আনা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।এ বিষয়ে পরিকল্পনা ও উদ্যোগের বিষয়ে জানতে চাইলে পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর প্রথম আলোকে বলেন, বিবিয়ানা ও জালালাবাদের পাশাপাশি মৌলভীবাজার ক্ষেত্র থেকে ২০১২ সালের মধ্যে দৈনিক ১০০ কোটি ঘনফুট গ্যাস তোলার পদক্ষেপ নিতে শেভরনকে বলা হয়েছে। ওই গ্যাস জাতীয় গ্রিডে সঞ্চালনের জন্য প্রয়োজনীয় পাইপলাইন বসানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমরা নর্থ-সাউথ পাইপলাইনের সমান্তরাল আরেকটি লাইন বসানোর কাজ শুরু করছি। ২০১২ সালের মধ্যে এই কাজ শেষ করা হবে। এ জন্য প্রায় ২৫০ কোটি টাকা লাগবে। পেট্রোবাংলার নিজস্ব অর্থায়নেই এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।’তবে সংশ্লিষ্ট অন্যান্য সূত্র জানায়, ২০১২ সালের মধ্যে পেট্রোবাংলার পক্ষে ওই পাইপলাইন স্থাপনের কাজ শেষ করা সম্ভব নাও হতে পারে। সে ক্ষেত্রে উত্তোলনযোগ্য গ্যাস থাকা সত্ত্বেও পাইপলাইনের অভাবে সঞ্চালন ও বিতরণ বিলম্বিত হতে পারে।