পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যু মামলায় বিচার শুরু
শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে পাইপের মধ্যে পড়ে চার বছরের শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় করা মামলায় ছয়জনের বিচার শুরু হয়েছে। ঢাকার বিশেষ জজ-৫-এর বিচারক মো. আখতারুজ্জামান গতকাল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে এ আদেশ দেন। ১৮ অক্টোবর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত।
অভিযোগপত্রে যাঁদের আসামি করা হয়েছে তাঁরা হলেন ঠিকাদারি প্রতিষ্ঠান এস আর হাউসের মালিক শফিকুল ইসলাম, রেলওয়ের জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, সহকারী প্রকৌশলী নাসির উদ্দিন ও সাইফুল ইসলাম এবং বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী জাফর আহমেদ ও দীপক কুমার ভৌমিক। গত ৩১ মার্চ আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ৩০৪-এর ক ধারায় মহানগর গোয়েন্দা পুলিশ এই অভিযোগপত্র দেয়।
২০১৪ সালের ২৬ ডিসেম্বর বিকেলে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে খেলার সময় দেড় ফুট ব্যাসের পাইপে পড়ে যায় জিহাদ। শাহজাহানপুর রেল কলোনিতে ওই পানির পাম্প বসানোর কাজ করছিল ঠিকাদার প্রতিষ্ঠান এস আর হাউস। ওই প্রতিষ্ঠান যে গভীর পাইপটি স্থাপন করেছিল তার মুখে কোনো নিরাপত্তামূলক ঢাকনা ছিল না। ফায়ার সার্ভিস ২৩ ঘণ্টা চেষ্টা করেও শিশু জিহাদকে উদ্ধার করতে পারেনি। ঘটনার পরদিন একদল উদ্যমী তরুণের চেষ্টায় জিহাদকে উদ্ধার করা হয়।