পাইপে পড়ে জিহাদের মৃত্যু: মামলার রায় ২৬ ফেব্রুয়ারি
রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে পাইপের মধ্যে পড়ে চার বছরের শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় করা মামলার রায় ঘোষণার জন্য ২৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। আজ বুধবার যুক্তিতর্কের শুনানি শেষে ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আখতারুজ্জামান এই দিন ঠিক করেন।
এর আগে এই মামলার ছয়জন আসামির বিরুদ্ধে গত বছরের ৪ অক্টোবর বিচার শুরু করেন আদালত। ওই আদালতের পেশকার মোকাররম হোসেন প্রথম আলোকে বলেন, এই মামলায় আজ যুক্তিতর্কের শুনানি শেষ হয়েছে। আদালত রায় ঘোষণার জন্য ২৬ ফেব্রুয়ারি দিন ঠিক করেছেন।
মামলার ছয় আসামি হলেন ঠিকাদার প্রতিষ্ঠান এস আর হাউসের মালিক শফিকুল ইসলাম, রেলওয়ের জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, সহকারী প্রকৌশলী নাসির উদ্দিন ও সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম এবং বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী জাফর আহমেদ ও সহকারী প্রকৌশলী দীপক কুমার ভৌমিক।
দণ্ডবিধি ৩০৪-এর ক ধারায় গত বছরের ৩১ মার্চ গোয়েন্দা বিভাগের (ডিবি) উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ওই ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দেন।
২০১৪ সালের ২৬ ডিসেম্বর বিকেলে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে অন্য শিশুদের সঙ্গে বাসার পাশে রেলওয়ে কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিচালিত পানির পাম্পের কাছে খেলতে যায় জিহাদ। একপর্যায়ে পাম্পের একটি দেড় ফুট ব্যাসের পাইপে পড়ে যায় সে। চলে যায় গভীরে। শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে ওই পানির পাম্প বসানোর কাজ করছিল ঠিকাদার প্রতিষ্ঠান এস আর হাউস। ওই প্রতিষ্ঠান যে গভীর পাইপটি স্থাপন করেছিল, তার মুখে কোনো নিরাপত্তামূলক ঢাকনা ছিল না। ফায়ার সার্ভিসের দীর্ঘ ২৩ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু জিহাদকে উদ্ধার করা যায়নি। ঘটনার পরদিন বেলা তিনটার দিকে একদল উদ্যমী তরুণের চেষ্টায় জিহাদকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসক জানান, অনেক আগেই সে মারা গেছে।
ওই ঘটনার পরদিন জিহাদের বাবা নাসিরউদ্দিন ফকির বাদী হয়ে শাহজাহানপুর থানায় একটি মামলা করেন। মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে কর্তব্যে অবহেলা ও বিপজ্জনকভাবে গভীর পাইপের মুখ খোলা রাখার কথা উল্লেখ করা করা হয়।