পাইপে বারুদ ভরার সময় বিস্ফোরণে আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে লোহার পাইপের ভেতরে ম্যাচের বারুদ ঢোকানোর সময়ে বিস্ফোরণে রানা শেখ ওরফে বাবু (২০) নামের মোটরসাইকেল গ্যারেজের শ্রমিক জখম হয়েছেন। গত সোমবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার বৈটপুর চিতলী বাজারে একটি গ্যারেজে এ ঘটনা ঘটে।
রানা বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের খালকুলিয়া গ্রামের ইশারাত শেখ ওরফে ইলিয়াসের ছেলে। এ ঘটনায় রানাসহ তিনজনের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
বাগেরহাট মডেল থানার এসআই সেলিম উদ্দিন বলেন, লোহার পাইপের ভেতরে ম্যাচের বারুদ ঢুকিয়ে তাঁরা পাইপবোমা তৈরি করছিলেন। ওই তিন শ্রমিক এলাকায় কোনো অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা করছিলেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাগেরহাট-পিরোজপুর সড়কের বৈটপুর চিতলী বাজারের হাফিজুর রহমানের মোটরসাইকেল গ্যারেজের শ্রমিক রানা, রাজা ও আনিস ছয় ইঞ্চি লম্বা একটি লোহার পাইপে ম্যাচের বারুদ ঢোকানোর সময় তা বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর রানাকে আহতাবস্থায় ফেলে অন্যরা পালিয়ে যান। এ সময় পাশের দোকানের লোকজন ছুটে এসে রানাকে উদ্ধার করে একটি ওষুধের দোকানে চিকিৎসা দেন। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সেখান থেকে রানাকে আটক করে। বিস্ফোরণে রানার বাঁ হাতের তালু ও একটি আঙুল ক্ষতবিক্ষত হয়েছে।