পাইপের দখলে সড়ক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার চক সার্কুলার রোডে রাখা হয়েছে অর্ধশতাধিক বড় বড় পাইপ। এতে সৃষ্টি হচ্ছে যানজটের। ছবিটি গত বুধবার তোলা l ছবি: প্রথম আলো
পুরান ঢাকার চক সার্কুলার রোডে রাখা হয়েছে অর্ধশতাধিক বড় বড় পাইপ। এতে সৃষ্টি হচ্ছে যানজটের। ছবিটি গত বুধবার তোলা l ছবি: প্রথম আলো

পুরান ঢাকার চকবাজারের পূর্ব পাশে চক সার্কুলার রোডের অর্ধেকজুড়ে রাখা হয়েছে অর্ধশতাধিক বড় বড় পাইপ। এতে ১৫ ফুট প্রশস্তের সড়কটি ও আশপাশের গলিগুলোতে দিনভর লেগে থাকে যানজট।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানায়, নাজিমুদ্দিন রোডের জলাবদ্ধতা নিরসনে পাইপগুলো বসানো হবে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের আশঙ্কা, পাইপ বসানোর জন্য সড়কে খোঁড়াখুঁড়ি শুরু হলে চকবাজার, বেগমবাজার ও ইমামগঞ্জের বাণিজ্যিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়বে। তাই যত দ্রুত সম্ভব পাইপগুলো বসানোর কাজ শেষ করতে হবে।

জানতে চাইলে ডিএসসিসির অঞ্চল-৩-এর নির্বাহী প্রকৌশলী খায়রুল বাকের প্রথম আলোকে বলেন, চকবাজারে যাওয়ার অন্যতম প্রধান পথ নাজিমুদ্দিন রোড। কিন্তু দীর্ঘদিন ধরে সামান্য বৃষ্টিতে সড়কটি জলমগ্ন হয়ে পড়ে। এতে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের দুর্ভোগ পোহাতে হয়। এই দুর্ভোগ লাঘবে সড়ক খুঁড়ে এসব পাইপ বসানো হবে। তিনি বলেন, ২০ থেকে ২৫ দিন আগে পাইপগুলো বসানোর কাজ শুরু করার কথা ছিল। কিন্তু ঈদুল আজহার পর থেকে কাজ শুরু করতে অনুরোধ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাই আপাতত পাইপগুলো সড়কে রাখা হয়েছে। নাগরিকদের ভোগান্তি কমাতে নির্দিষ্ট সময়ের মধ্যেই পাইপ বসানোর কাজ শেষ করা হবে।

গতকাল বৃহস্পতিবার সকালে দেখা যায়, চকবাজারের পূর্ব পাশে চক সার্কুলার রোডের উত্তর থেকে দক্ষিণ মাথা পর্যন্ত সড়কের অর্ধেক দখল করে অর্ধশতাধিক পাইপ রাখা হয়েছে। এতে ১৫ ফুট প্রস্থের এই সড়কে পাশাপাশি দুটি রিকশা চলতেও সমস্যা হচ্ছে। এতে সড়কে সৃষ্টি হচ্ছে যানজটের। এর প্রভাব আশপাশের সব সড়ক ও গলিতে পড়েছে। স্থানীয় লোকজন বলেন, বেগমবাজারের অবস্থা সবচেয়ে খারাপ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজটের মাত্রাও বাড়তে থাকে।

চকবাজারের প্রসাধনসামগ্রীর ব্যবসায়ী আবু বকর বলেন, গত এক সপ্তাহ আগে চক সার্কুলার রোডে এই পাইপগুলো রাখা হয়। এরপর থেকে এই এলাকায় যানজটের তীব্রতা বাড়ছে। এই রোডে ব্যক্তিগত গাড়ি বা পিকআপ ঢুকলেই যানজট তীব্র থেকে তীব্রতর হয়। তিনি বলেন, এলাকার জলাবদ্ধতা নিরসন করা যেমন জরুরি, ঠিক তেমনি যানজট নিয়ন্ত্রণে রাখাও জরুরি। ঈদের পর পাইপ বসানোর কাজ শুরু করে যথাসময়ে শেষ করতে হবে।

গতকাল চক সার্কুলার রোডে যানজট নিয়ন্ত্রণে কাজ করতে দেখা যায় কমিউনিটি পুলিশের সদস্য রহমান মোল্লাকে। তিনি বলেন, পুরান ঢাকার এই এলাকার রাস্তাঘাট এমনিতেই সরু। এতে সারা বছরই সড়কে কম-বেশি যানজট থাকে। তবে এক সপ্তাহ ধরে যানজট নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে।

ডিএসসিসির প্রকৌশল দপ্তর সূত্র জানায়, এই এলাকার জলাবদ্ধতা নিরসনে কয়েক মাস আগে একটি প্রকল্প নিয়েছে ডিএসসিসি। এই প্রকল্পের আওতায় চানখাঁরপুল, নাজিমুদ্দিন রোড ও চকবাজারে ১ হাজার ৩০০ ফুট দৈর্ঘ্যের পাইপ বসানো হবে।

নাজিমুদ্দিন রোড ডিএসসিসির ২৭ নম্বর ওয়ার্ডের আওতাধীন। এই ওয়ার্ডের কাউন্সিলর ওমর-বিন-আব্দাল আজিজ বলেন, এই পাইপলাইন চকবাজারে বৃষ্টির পানি সরার নালার সঙ্গে যুক্ত করা হবে। পরে এই পানি গিয়ে পড়বে বুড়িগঙ্গায়। প্রকল্প বাস্তবায়িত হলে এই এলাকায় আর জলাবদ্ধতা থাকবে না।