রাতভর রুদ্ধশ্বাস অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো: জিহাদ
মো: জিহাদ

খেলতে গিয়ে গভীর পাইপে পড়ে যায় চার বছরের একটি শিশু। বিকেল চারটার দিকে এ খবর ছড়িয়ে পড়ে। ঘণ্টা খানেকের মধ্যে শুরু হয় শিশুটিকে উদ্ধারের তৎপরতা। এরপর প্রায় রাতভর চলে এই অভিযান।

সন্ধ্যা ছয়টার দিকে উদ্ধারকারী দলের একজন জানান, শিশুটি পাইপের ভেতর থেকে সাড়া দিচ্ছে। তার জন্য পাঠানো হয় খাবার ও পানি। পাইপের মধ্যে দেওয়া হয় অক্সিজেন। এরপর থেকে উদ্ধার তৎপরতা নিয়ে পাওয়া যায় একের পর এক বিভ্রান্তিকর তথ্য। রাত পৌনে তিনটার দিকে গর্তে পাঠানো ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে  পাইপের মধ্যে আদৌ কোনো শিশু পড়েছে কি না, এ নিয়ে সংশয় প্রকাশ করেন উদ্ধারকর্মীরা। কেউ কেউ বলতে থাকেন, এটি গুজব। তবে অভিযান শেষ করা হয়নি।

গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির মৈত্রী সংঘ মাঠের কাছে রেলওয়ের পানির পাম্পের পাইপের মধ্যে পড়ে যায় মো. জিহাদ নামের শিশুটি। রাজনৈতিক উত্তাপসহ সব আলোচনা ছাপিয়ে প্রধান হয়ে ওঠে এ ঘটনা। দেশজুড়ে ছড়িয়ে পড়ে উৎকণ্ঠা। ঘটনাস্থলের আশপাশে জড়ো হওয়া শত শত মানুষ প্রার্থনা করতে থাকেন শিশুটির জন্য।

রেলওয়ে পাম্প থেকে প্রায় ১০০ গজ দূরে রেলওয়ে কলোনির একটি বাড়ির দোতলার একটি কক্ষে পরিবারের সঙ্গে থাকে জিহাদ। তার বাবা নাসির উদ্দিন মতিঝিলের একটি বিদ্যালয়ের নিরাপত্তাকর্মী। দুই ভাই, এক বোনের মধ্যে জিহাদ সবার ছোট।

ঘটনার পর থেকে পাগলপ্রায় জিহাদের বাবা নাসির উদ্দিন, মা খাদিজা বেগমসহ পরিবারের সবাই। বাসায় গিয়ে দেখা যায়, আহাজারি করে চলেছেন খাদিজা। প্রতিবেশীরা তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন। কাঁদতে কাঁদতে খাদিজা বলছিলেন, ‘আমার বাপটা শীতে কষ্ট পাইতেছে। তারে আপনারা বাঁচান, বাঁচান।’

রাতে ঘটনাস্থলে যান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, ফায়ার সার্ভিসের মহাপরিচালক আলী আহমদ খান, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্থানীয়রা জানান, গতকাল বিকেল চারটার দিকে বাসা থেকে বের হয়ে পাম্পসংলগ্ন জায়গায় অন্য শিশুদের সঙ্গে খেলতে যায় জিহাদ। একপর্যায়ে সে পাম্প এলাকার একটি পানির পাইপের মধ্যে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কয়েক শ কর্মী। উদ্ধার তৎপরতা সরাসরি সম্প্রচার শুরু হয় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে। দেশ ও দেশের বাইরে থেকে গণমাধ্যম কার্যালয়ে ফোন করে অনেকেই শিশুটিকে উদ্ধারের জন্য দিতে থাকেন নানা পরামর্শ।

সন্ধ্যা ছয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, চারদিকে জ্বালানো হয়েছে অতিরিক্ত বাতি। একটি রশিতে বেঁধে পাইপের মধ্যে দেওয়া হলো জ্বালানো টর্চ লাইট ও জুস। শিশুটির হাত-পায়ের কোনো অংশ বাঁধার জন্য পাইপে ফেলা হয় আরেকটি রশি। বিশেষ ব্যবস্থায় সরবরাহ করা হচ্ছিল অক্সিজেন। পাইপের ভেতরে মাথা ঢুকিয়ে উদ্ধার অভিযানে থাকা এক যুবক চিৎকার করে ওই শিশুটির উদ্দেশে বলছিলেন, তুমি কি জুস আর টর্চ লাইট পাইছ? কিছুক্ষণ পর মাথা তুলে ওই যুবক জানান, শিশুটির চিৎকার শুনতে পাচ্ছেন তিনি।

পাইপে রশি ফেলার পর ফায়ার সার্ভিসের কর্মীরা টেনে দেখছেন, রশিটির ছোট ফাঁকে শিশুটি বাঁধা পড়েছে কি না। ভারী মনে হলেই আস্তে আস্তে রশি ওপরের দিকে ওঠাতে থাকেন তাঁরা। আশপাশে জড়ো হওয়া শত শত মানুষ তখন উচ্চ স্বরে পড়তে থাকেন দোয়া-দরুদ। কিন্তু যতই রশি ওপরে উঠতে থাকে ততই তা হয়ে ওঠে হালকা। হতাশ হয়ে পড়েন উদ্ধারকারীরা। আবার নামানো হয় রশি, আবার টানা হয়। কিন্তু শিশুটির কোনো আলামত পাওয়া যায় না।

উদ্ধারকারীদের ধারণা, শিশুটি রশি ধরতে পারলেও একটু ওপরে ওঠানোর পর শক্তিতে কুলিয়ে উঠতে না পেরে ছেড়ে দিচ্ছে। ভেতরে পাঠানো জুস ও টর্চও ফেরত এসেছে।

এভাবে দেখতে দেখতে প্রায় রাত নয়টা। শিশুটির সাড়া পাওয়ার চেষ্টা করে চলেছেন ওই যুবক। শুনতে পাচ্ছ, শুনতে পাচ্ছ বলে ডাক দিচ্ছিলেন তিনি। অনেকক্ষণ ডাকার পর ওই যুবক এবার জানান, আর কোনো শব্দ পাচ্ছেন না তিনি। তখন রশির কৌশল বাদ দিয়ে আনা হয় ক্রেন। কিন্তু পাম্পের কাছে আনতে ক্রেনটি আটকা পড়ে মাঠের প্রধান ফটকে। ভাঙা হয় ফটক। এসব কাজেই বেজে যায় প্রায় সাড়ে ১১টা। এরপর বড় পাইপটির মধ্যে থাকা চিকন একটি পাইপ টেনে তোলা হয় ক্রেন দিয়ে। এরপর শিশুটিকে উদ্ধারের জন্য নানা কৌশল নিতে থাকেন উদ্ধারকারীরা। একজন স্বেচ্ছাসেবক পাইপে ঢোকার প্রস্তুতি নেন। কিন্তু ঝুঁকিপূর্ণ মনে করে তাঁকে ঢোকানো হয়নি। এরপর রাত দেড়টার দিকে পাইপের ভেতরে ঢোকানো হয় ক্যামেরা। তবে ক্যামেরায় পাইপের মধ্যে শিশুটির অবস্থান শনাক্ত করা যাচ্ছিল না। রাত সোয়া দুইটার দিকে ক্যামেরার পাঠানো ছবি বিশ্লেষণ করে উদ্ধারকারী দলের একজন জানান, সাদা কাপড়, তেলাপোকা ও ব্যাঙ দেখা গেলেও মানবদেহের কোনো অস্তিত্ব মেলেনি।

সরেজমিনে দেখা যায়, যে পাইপে শিশুটি পড়েছে, তার ব্যাসার্ধ প্রায় এক ফুট। পাইপটির মুখ মাটির সমান। ছিল না কোনো ঢাকনা। পুরো পাম্পটিই মূলত অরক্ষিত। আশপাশে নেই কোনো সীমানাপ্রাচীর। ফলে মুরগির বড় বড় খাঁচা ও বেশ কয়েকটি ভ্যান গাড়ি রাখার স্থান হিসেবেই ব্যবহৃত হচ্ছে পাম্প এলাকা।

জানা যায়, রেলওয়ে কলোনি এলাকায় পানি সরবরাহের জন্য ওই পাম্পটি স্থাপন করছিল রেলওয়ে কর্তৃপক্ষ। এস আর হাউস নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে এ কাজ দেওয়া হয়। গত জানুয়ারি মাসে শুরু হয় কাজ। দেখভালের সার্বিক দায়িত্বে ছিলেন রেলওয়ের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম। যে পাইপে শিশুটি পড়েছে, সেটি পোঁতা হয়েছে কয়েক মাস আগে। কিন্তু ওই পাইপ দিয়ে প্রত্যাশা অনুযায়ী পানি না আসায় একটু দূরে বসানো হচ্ছিল একই ধরনের আরেকটি পাইপ। তবে আগের পাইপটি ছিল ঢাকনাহীন।

জানতে চাইলে রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক কামরুল আহসান প্রথম আলোকেবলেন, ঘটনার পরপরই প্রকৌশলী জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আর ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। তিনি বলেন, পুরো পাইপের গভীরতা প্রায় ৫০০ ফুট। তবে শিশুটি ৩০০ ফুট নিচে থাকতে পারে। ৩০০ ফুটের নিচে বেশ কয়েকটি লোহা থাকায় নিচে যাওয়ার সম্ভাবনা কম।

পাইপে ঢাকনা না থাকা এবং পাম্পটি অরক্ষিত থাকার ব্যাপারে জানতে চাইলে কামরুল আহসান বলেন, ‘শুনেছি, পাইপে একটা ঢাকনা ছিল। কিন্তু তা কে বা কারা সরিয়ে নিয়েছে।’

এদিকে বিভিন্ন গণমাধ্যমে এ ঘটনা শোনার পর মানুষ গণমাধ্যম কার্যালয়ে ফোন করে শিশুটিকে উদ্ধারের জন্য বিভিন্ন পরামর্শ দিতে থাকেন। তাঁরা বলছেন, তাঁদের পরামর্শগুলো যেন উদ্ধারকারীদের কাছে পৌঁছে দেওয়া হয়। কেউ বলছিলেন বালতি ফেলতে। কেউ বলছিলেন খাঁচার কথা। কেউবা বলছিলেন রশির মাথায় ছোট বাঁশ বেঁধে দিতে। ফেসবুকসহ সর্বত্র শিশুটিকে বাঁচানোর তীব্র আকুতি।

রাত পৌনে তিনটার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের যুগ্ম পরিচালক আবু সাইদ রায়হান দাবি করেন, গর্তে শিশু পড়ার ঘটনা গুজবও হতে পারে।

২টা ৫০ মিনিটের দিকে উদ্ধারকারী দল পাইপ থেকে ক্যামেরা তুলে নেয়।

২টা ৫৫ মিনিটের দিকে উদ্ধার অভিযান সম্পর্কে ফায়ার সার্ভিসের মহাপরিচালক আলী আহমদ খান জানান, শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত অভিযান পরিত্যক্ত ঘোষণা করা হবে না।

রাত ৩টা ২০ মিনিটে বেসরকারি একটি বিশেষজ্ঞ দলের পক্ষ থেকে গর্তে ক্যামেরা ঢোকানো হয়। দলটি জানায়, সাড়ে ৬০০ ফুট গভীর পর্যন্ত তাদের ক্যামেরাটি গেছে। কিন্তু এতে মানবদেহের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।