পাইরেটেড বইয়ের বিরুদ্ধে অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাছে থেকে দেখা ১৯৭৩–১৯৭৫ -মেজর জেনারেল এম খলিলুর রহমান
কাছে থেকে দেখা ১৯৭৩–১৯৭৫ -মেজর জেনারেল এম খলিলুর রহমান

অমর একুশে গ্রন্থমেলা ইতিমধ্যে পার করেছে নয়টি দিন। আজ বুধবার মেলার দশম দিন। প্রথম সপ্তাহে ক্রেতার সংখ্যা সন্তোষজনক থাকলেও বই এসেছে কম। গত দুই দিনে বইমেলায় লোকসমাগম অনেক বেড়েছে, আড়াই শর মতো বই এসেছে। মেলা ক্রমেই যেন কৈশোর পেরিয়ে যৌবনে পা রাখছে। এবারের মেলায় গতকালই প্রথম পাইরেটেড বইয়ের বিরুদ্ধে অভিযান চালানো হয়।
মেলায় দেখা হলো চিত্রশিল্পী মনিরুল ইসলামের সঙ্গে। বললেন, ‘দারুণ পরিবেশ, খুবই ভালো লাগছে ঘুরতে। কত শত নতুন বই, কত লেখক। প্রচ্ছদে দেখলাম নতুনত্ব আছে, স্টলসজ্জায় খুব বেশি জৌলুশ না করে যে যার সামর্থ্য অনুযায়ী সুন্দর করেছে। সবই ভালো।’
শিল্পী মনিরুল ইসলাম এসেছিলেন বিএনপির নেতা মওদুদ আহমদের প্রয়াত ছেলে আমান মওদুদের চিত্রকর্ম ও জীবনী নিয়ে সংকলনগ্রন্থ ইন লাভিং মেমোরি অব আমান মওদুদ: হিজ লাইফ অ্যান্ড আর্ট-এর মোড়ক উন্মোচন করতে। বইটি প্রকাশ করেছে পলাশ প্রকাশনী। বইয়ের মোড়ক উন্মোচনের পর মওদুদ আহমদ প্রথম আলোকে বলেন, ‘ভালো লাগছে, বইমেলা প্রসারিত হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে। লেখক ও পাঠকদের সংখ্যা বেড়েছে।’
লেখক কুঞ্জে প্রতিদিনই ভিড় করছেন পাঠকেরা। পাঠকদের ভিড় ঠেলেই গতকাল কথা হলো কবি আসাদ চৌধুরীর সঙ্গে। তিনি বললেন, ‘বইমেলার এলে মনটা ভালো হয়ে যায়। অনেকের সঙ্গে দেখা হয়, কথা হয়।’

প্রভাতবেলার মেঘ  ও রৌদ্র-সন্জীদা খাতুন
প্রভাতবেলার মেঘ ও রৌদ্র-সন্জীদা খাতুন

বিকেল সাড়ে চারটার দিকে বাংলা একাডেমি প্রাঙ্গণে আসেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। নজরুল মঞ্চে তিনি অনন্যা থেকে প্রকাশিত প্রখ্যাত গণসংগীতশিল্পী ফকির আলমগীরের মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুরা বইটির মোড়ক উন্মোচন করেন।
জনপ্রিয় প্রতিষ্ঠিত লেখকের পাশাপাশি ব্যতিক্রম ও নবীন লেখকদের বইয়ের প্রতি আগ্রহ দেখাচ্ছেন কিছু প্রকাশক। প্রথমা প্রকাশন এনেছে মেজর জেনারেল এম খলিলুর রহমানের কাছে থেকে দেখা ১৯৭৩-১৯৭৫ বইটি। প্রতিষ্ঠানটির একজন প্রতিনিধি জানালেন, ছাত্রজীবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মেজর জেনারেল এম খলিলুর রহমান কলকাতার বেকার হোস্টেলে থাকতেন। ১৯৭৩-১৯৭৫ সময়কালে বাংলাদেশ রাইফেলসের মহাপরিচালকের দায়িত্ব পালনকালে জেনারেল খলিলকে দাপ্তরিক প্রয়োজনে বঙ্গবন্ধুর কাছে যেতে হতো। মাঝে মাঝে বঙ্গবন্ধুও তাঁকে ডেকে নিয়ে কথা বলতেন। সে সময়ের স্মৃতিকথাও রয়েছে বইটিতে।

সইতে নারি কইতে পারি -পূরবী বসু
সইতে নারি কইতে পারি -পূরবী বসু

নবযুগ প্রকাশনীর অশোক কুমার রায় নন্দী বলেন, ‘আমরা পাঠকের মন জোগানোর চেয়ে মন জাগাতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। শুধু জনপ্রিয় লেখকের বই প্রকাশের প্রতিযোগিতা থেকে দূরে থেকে ব্যতিক্রম ও মানসম্পন্ন লেখকের নতুন বইয়ের প্রতি বরাবরই গুরুত্ব দিচ্ছি।’ তিনি জানালেন, নবযুগ থেকে ইতিমধ্যে বিশিষ্ট রবীন্দ্রসংগীত গবেষক সন্জীদা খাতুনের প্রভাতবেলায় মেঘ ও রৌদ্র, সৈয়দ আব্দুল হালিমের বাঙালি মুসলমানের উৎপত্তি ও বাঙালি জাতির বিকাশের জীবনধারা ১-৩ প্রকাশিত হয়েছে। মেলায় চন্দ্রাবতী একাডেমি এনেছে মঞ্জু সরকারের মস্ত বড়লোক, ঐতিহ্য এনেছে বিচারপতি মো. গোলাম রব্বানীর বাংলাদেশের সংবিধানের বিকাশ, বৈশিষ্ট্য ও বিচ্যুতি, বুলবুল সরওয়ারের কাব্যানুবাদ হৃদয়ে আমার মির্জা গালিব, কথাপ্রকাশ এনেছে রাজু আলাউদ্দিন অনূদিত কথাসমগ্র। অন্যপ্রকাশ এনেছে পূরবী বসুর সইতে নারি কইতে পারি। তরুণ সংগীতশিল্পী লোপা হোসেইনের তোমার অপেক্ষায় এনেছে আদর্শ। ইন্দ্রজিৎ সরকারের বল্টুর ভয়ংকর অভিযান এসেছে পার্ল পাবলিকেশনস থেকে। বাংলা একাডেমির তথ্যানুযায়ী, গতকাল মেলায় এসেছে ১১০টি নতুন বই।

মস্ত বড়লোক- মঞ্জু সরকার
মস্ত বড়লোক- মঞ্জু সরকার

টাস্কফোর্সের অভিযান ও ২১ প্রতিষ্ঠানকে চিঠি
গতকাল মেলার নবম দিনে পাইরেটেড বইয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে মেলার কপিরাইট-বিষয়ক টাস্কফোর্স। সন্ধ্যার পরে টাস্কফোর্সের প্রধান ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মনজুরুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। যাতে পুলিশ, র্যা ব ও কপিরাইট অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযান শেষে মনজুরুর রহমান বলেন, ‘পূর্ব অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের ঐক্য প্রকাশনীতে অভিযান চালাই। সেখানে মাওলা থেকে প্রকাশিত অধ্যাপিকা সিদ্দিকা কবীরের রান্না খাদ্য পুষ্টি বইটির পাইরেটেড কপি উদ্ধার করেছি। বুধবারের মধ্যে চিঠি পাঠিয়ে দিয়ে তাদের স্টল বন্ধ করে দেওয়া হবে।’
সোমবার ২১টি প্রকাশনা সংস্থার কাছে ‘কৈফিয়ত’ চেয়ে চিঠি দিয়েছিল অমর একুশে গ্রন্থমেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি। মেলার নীতিমালা ভঙ্গ করে স্টলের নির্ধারিত স্থান পরিবর্তনের অভিযোগে প্রকাশনা সংস্থাগুলোর কাছে ‘কৈফিয়ত’ চেয়ে চিঠি দেওয়া হয়েছে।
চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। তিনি বলেন, মেলার নিয়মনীতি না মানায় ২১টি প্রকাশনা সংস্থার কাছে কৈফিয়ত চেয়ে চিঠি দেওয়া হয়েছে। বিদ্যাপ্রকাশের স্টলে ছিলেন লেখক ও মনোরোগ চিকিৎসক মোহিত কামাল। বললেন, ‘এবার বড় পরিসরে মেলার বিন্যাস হলেও এর পরিকল্পনায় ভুল আছে বলে মনে করি। বেশি অলিগলি করার কারণে কিছু প্রতিষ্ঠান বাদে অনেকগুলো খুঁজে পেতে সমস্যা হচ্ছে পাঠকদের।’