কপিরাইট আইন অনুযায়ী পাইরেসি বন্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা প্রতি মাসেই প্রতিবেদন আকারে আদালতে দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি সিনেমা ও সংগীতসহ বিভিন্ন শিল্পকর্মের অডিও ও ভিডিও পাইরেসি বন্ধে কেন কার্যকর ব্যবস্থা নেওয়া হবে না এবং পাইরেটেড কপি জব্দের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। তিন সপ্তাহের মধ্যে বাণিজ্যসচিব, অর্থসচিব, সংস্কৃতিসচিব, শিল্পসচিব, বিজ্ঞান ও প্রযুক্তিসচিব, তথ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক, কপিরাইট বোর্ডের চেয়ারম্যান ও রেজিস্ট্রারকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। কপিরাইট আইন কার্যকর ও পাইরেসি বন্ধের নির্দেশনা চেয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি গাজী মাজহারুল আনোয়ার ও মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী রিটটি করেন।রিট আবেদনকারী পক্ষের কৌঁসুলি মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী কপিরাইট আইন অনুসারে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা প্রতিমাসে জানাতে বলায় পাইরেসি বন্ধ হবে বলে আশা প্রকাশ করেন। রিট আবেদনকারী পক্ষে আদালতে আইনজীবী মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী শুনানি করেন। তাঁকে সহায়তা করেন আইনজীবী এ কে এম রবিউল হাসান। শুনানিতে মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী বলেন, ‘সিনেমা ও সংগীতসহ বিভিন্ন শিল্পকর্মের অডিও ও ভিডিও পাইরেসি হচ্ছে। নকল এসব সিডিতে বাজার সয়লাব। নকল সিডির কারণে আমাদের চলচ্চিত্র ও সংগীতের শিল্পী ও প্রযোজকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ২০০০ সালের কপিরাইট আইনের ৮২ ধারা অনুযায়ী নকল এসব সিডি বাজেয়াপ্ত করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। কিন্তু এর ব্যত্যয় ঘটছে। আন্তর্জাতিক ট্রিপস চুক্তি অনুযায়ী পাইরেসি বন্ধের জন্য সরকার কার্যকর ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ। পাইরেসি বন্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ২০০৮ সালে বাংলাদেশকে কালো তালিকাভুক্ত করার কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র। তৎকালীন সরকার এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে, তখন বাংলাদেশকে তালিকা থেকে বাদ দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত পাইরেসি বন্ধ হয়নি। তাই এ বিষয়ে আদালতের নির্দেশনা প্রয়োজন।’