পাইরেসির বিরুদ্ধে অভিযান হবে: তথ্যমন্ত্রী
সারা দেশে ভিডিও পাইরেসির বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। একই সঙ্গে নতুন মুক্তিপ্রাপ্ত বা মুক্তি পেতে যাচ্ছে এমন চলচ্চিত্রের পাইরেটেড কপি কোনো ডিশ বা কেবল লাইন প্রচার করলে জড়িত সেসব কর্তৃপক্ষের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আজ রোববার চলচ্চিত্র প্রযোজকদের সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) প্রযোজক সমিতির কার্যালয়ে বৈঠক করেন মন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। খবর বাসসের।
ইনু বলেন, চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পাইরেসি সমস্যা মোকাবিলা, এফডিসিসহ সব অঙ্গনে নির্মাণব্যয় কমিয়ে আনা এবং ‘শিল্প’ হিসেবে চলচ্চিত্র নির্মাতাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার ব্যবস্থা নেবে তথ্য মন্ত্রণালয়।
পাইরেসি বন্ধে বহুমাত্রিক পদক্ষেপের কথা উল্লেখ করে ইনু পাইরেসি-সংক্রান্ত আইন হালনাগাদ করার কথা বলেন। মন্ত্রী মনে করেন ডিজিটাল পদ্ধতিতে নির্মিত চলচ্চিত্র প্রেক্ষাগৃহগুলোতে ডিজিটাল পদ্ধতিতে দেখানো উচিত।
বৈঠকে প্রযোজক সমিতির নেতাদের মধ্যে নাসিরউদ্দিন দিলু, খোরশেদ আলম খসরু, কাজী হায়াৎ, আদিলুর রহমান লিটন, মো. ইকবাল হোসেন, শিল্পী সমিতির সভাপতি নায়ক শাকিব খান, পরিচালক সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান গুলজার এবং তথ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।