পদ্মা সেতু নির্মাণে পাইল সংখ্যা বাড়ানোর দরকার আছে কি না, তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। তবে এর জন্য সেতুর কাজ সম্পন্ন করার ক্ষেত্রে সময়ের হেরফের হবে না বলে মনে করছে কর্তৃপক্ষ।
সেতু বিভাগ সূত্র বলেছে, ৪০টি পিলারের ওপর পদ্মা সেতু দাঁড়াবে। প্রতিটি পিলারের নিচে মোটা স্টিলের পাইপ বসিয়ে পাইলিং করা হচ্ছে। এসব পাইল মাটির নিচে ৯৬ থেকে ১২৮ মিটার পর্যন্ত গভীরে বসানোর কথা। ২৬টি পিলারের নিচের ১৫৬টি পাইল আগের নকশা অনুযায়ী বসানো হচ্ছে। বাকি ১৪টি পিলারের ৮৪টি পাইলের গভীরতা কমানো-বাড়ানোর দরকার আছে কি না, তা পরীক্ষা করা হচ্ছে। পাইলের গভীরতা কমালে এর ভার বহনের ক্ষমতা ঠিক রাখার জন্য পাইলের সংখ্যা বৃদ্ধি করার দরকার আছে কি না, তা-ও ভেবে দেখা হচ্ছে। যুক্তরাজ্যের কাউই নামের একটি পরামর্শক প্রতিষ্ঠান বিশেষজ্ঞদের দিয়ে এই কাজ করছে। আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে কাজ শেষ করে এগুলোর চূড়ান্ত নকশা প্রণয়নের জন্য সময় বেঁধে দিয়েছে সেতু বিভাগ।
জানতে চাইলে পদ্মা সেতু প্রকল্পের বিশেষজ্ঞ দলের প্রধান অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, কিছু পিলারের নিচে পাইল যতটা গভীরে বসানোর কথা ছিল, সেই স্থানে নরম মাটি পাওয়া গেছে। এ জন্য কিছু পাইলের গভীরতা কমানোর বিবেচনা করা হচ্ছে। এর জন্য কাজের কোনো ক্ষতি হবে না।
প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, পাইলের গভীরতা পরিবর্তন করা লাগতেও পারে, না-ও লাগতে পারে। আর এর জন্য প্রকল্পের কাজ যথাসময়ে সম্পন্ন হওয়ার ক্ষেত্রে কোনো বাধা হবে না। কারণ, নদীর এই অংশে বর্ষাকালে পাইলিংয়ের কাজ না করার পরিকল্পনা আগে থেকেই নেওয়া আছে। ২০১৮ সালের মধ্যেই সেতু চালু করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।