পাইলট আবিদের স্ত্রীর অবস্থা অপরিবর্তিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানম। ছবি: সংগৃহীত
পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানম। ছবি: সংগৃহীত

পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানমের জীবন সংশয় কাটেনি। চিকিৎসকেরা বলছেন, তিনি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তাঁর অবস্থার ক্রমেই অবনতি হচ্ছে।

নেপালে বিধ্বস্ত ইউএস-বাংলা এয়ারলাইনসের উড়োজাহাজটির পাইলট ছিলেন আবিদ। দুর্ঘটনার খবর পেয়ে উদ্বিগ্ন হন তাঁর স্ত্রী আফসানা। প্রথমে তাঁকে বলা হয় আবিদ আহত হয়ে চিকিৎসাধীন আছেন। পরে স্বামীর মৃত্যুর খবর শুনে আফসানা ভেঙে পড়েন। মস্তিষ্কে রক্তক্ষরণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে তাঁর মাথায় অস্ত্রোপচার হয়েছে।

গতকাল সন্ধ্যায় হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক বদরুল আলম প্রথম আলোকে বলেন, তাঁর অবস্থা মোটেও উন্নতির দিকে নেই। তাঁর অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। তবে কিডনি, হৃদ্‌যন্ত্রসহ অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিকভাবে কাজ করছে বলে তাঁকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়েছে। তাঁর রক্তচাপ ও তাপমাত্রা স্বাভাবিক আছে। এই পরিস্থিতিতে তাঁকে বিদেশে নিয়ে চিকিৎসা করা ঝুঁকিপূর্ণ বলে জানান অধ্যাপক বদরুল আলম।

গত রোববার সকালে আফসানা মাথায় প্রচণ্ড যন্ত্রণা বোধ করছিলেন। প্রথমে তাঁকে উত্তরার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে শেরেবাংলা নগরের নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। আইসিইউতে তিনি চিকিৎসাধীন আছেন।

হাসপাতালটির পরিচালক অধ্যাপক কাজী দীন মোহাম্মদের নেতৃত্বে সাত সদস্যের একটি চিকিৎসক দলের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। আফসানার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাঁর চিকিৎসায় প্রথমে সিটি স্ক্যান ও এনজিওগ্রাম করা হয়। এরপর তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়। তিনি এখন আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

আফসানার দুবার মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) হয়েছিল। প্রথমবার ছিল মৃদু, পরেরটি গুরুতর। তাঁর মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে। এভাবেই এ ধরনের রোগের চিকিৎসা করা হয়। মস্তিষ্কের প্রেশার কমলে খুলি লাগানো হবে।

আবিদ-আফসানার একমাত্র ছেলে তানজিদ সুলতান এখন উত্তরায় তার নানার বাসায় আছে। পরিবারের পক্ষ থেকে আফসানার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।