পাইলট কামরুলের জন্য সহকর্মীদের এলিজি
সিরাজগঞ্জে যমুনা নদীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট ক্যাপ্টেন কামরুল হাসানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ফ্লাইং একাডেমি অ্যান্ড জেনারেল এভিয়েশনের প্রশিক্ষণার্থীরা। গতকাল মঙ্গলবার নিহত কামরুলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে তাঁরা একটি আবেগঘন কাব্যিক শোক বিবৃতি দেন। শোক বিবৃতিতে বলা হয়:‘পৃথিবীর এই কর্কশ বন্ধন ছেড়ে ছুটে গেছো তুমি/ রজতশুভ্র উচ্ছল ডানা মেলে নেচেছো আকাশে/ সূর্যালোক বেয়ে রৌদ্র-বিক্ষত উড়ুক্কু উচ্ছল মেঘের দলে ভিড়েছিলে তুমি/ বহু সাধারণ জন স্বপ্নেও ভাবেনি যা আগে/ এমন একশ কাজ একাই দেখালে করে/ চক্রঘূর্ণির ঊর্ধ্বমুখী ক্ষিপ্রতায় চলে গেলে রৌদ্রকরোজ্জ্বল অত্যুচ্চ নৈঃশব্দ্যে/ ঊর্ধ্বাকাশে চক্কর খেতে খেতে গর্জনরত ঝঞ্ঝাকে একাই করেছো তাড়া/ তারপর পদহীন বাতাসের পথে ছুড়ে দিলে ব্যগ্র আকাশযান/ সাবলীল সৌষ্ঠবে বাতাসস্পর্শী শিখরে উঠে গেছো তুমি/ প্রশান্ত আর ঊর্ধ্বমুখী মনে মহাশূন্যের অগম পবিত্র সীমা ভেদ করে গেলে তুমি/ দু হাত বাড়িয়ে তুমি ছুঁয়ে দিলে ঈশ্বরের মুখ।‘আমাদের প্রাণপ্রিয় সহকর্মী, বন্ধু এবং দেবদূতপ্রতিম অভিভাবক, আমরা সবাই তোমার বড় অভাব বোধ করছি।’