পাইলট প্রকল্পেই হতাশার চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য অধিকার আইনের সঠিক বাস্তবায়ন ও অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে মানিকগঞ্জে নেওয়া পাইলট প্রকল্পের কাজ এগোচ্ছে না। সচেতনতার অভাবে জনগণ তাদের তথ্য পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আবার আবেদন করেও তথ্য পাওয়া যাচ্ছে না অনেক দপ্তর থেকে। খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৯ সালে প্রণীত তথ্য অধিকার আইনের সঠিক বাস্তবায়ন ও অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে জেলার সাতটি উপজেলায় গত ফেব্রুয়ারি থেকে কাজ শুরু হয়। বিস্তারিত তথ্য উন্মুক্ত করাসহ সংগত তথ্য পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ নামে বেসরকারি একটি সংস্থা জেলা ও উপজেলা পর্যায়ের ৫৯ জন সরকারি কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়। এর পরও মাঠপর্যায়ে তথ্য অধিকার আইন বাস্তবায়নের চিত্র হতাশাব্যঞ্জক। জনসাধারণকে তাদের তথ্য পাওয়ার অধিকার সম্পর্কে সচেতন করতে মানিকগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে টিএসডিসি, আরব, সিডা ও স্টেফ নামে চারটি বেসরকারি সংস্থার কাজ করার কথা দাবি করা হলেও বাস্তবতা ভিন্ন। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে কিছু লোকের জন্য তথ্য চেয়ে বিভিন্ন দপ্তরে আবেদন করা হলেও পরে ওই সব আবেদনকারী আর যোগাযোগ করেননি সংশ্লিষ্ট দপ্তরে। সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে গত ২৭ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সার ও নর্দমা নির্মাণের বরাদ্দসংক্রান্ত তথ্য জানার জন্য ২৯টি আবেদন পড়ে। এরপর আর কোনো আবেদন পড়েনি ওই দপ্তরে। যাঁরা আবেদন করেছিলেন তাঁদের অধিকাংশই তথ্যের জন্য আর যোগাযোগ করেননি। দপ্তরটিতে বর্তমানে তথ্য প্রদানের দায়িত্বে থাকা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, জনসাধারণের মধ্যে তথ্য পাওয়ার আগ্রহ আছে। কিন্তু সচেতনতার অভাবে তাঁরা তথ্য পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। ডিজেলচালিত যন্ত্রে সেচের জন্য জনপ্রতি বরাদ্দের পরিমাণ জানতে চেয়ে গত ৩ এপ্রিল সাটুরিয়া কৃষি কর্মকর্তার কার্যালয়ে আবেদন করেছিলেন উপজেলার মহিষালোহা গ্রামের নুরুল হক। এরপর সাড়ে পাঁচ মাস পেরিয়ে গেলেও তিনি তথ্যের জন্য আর যোগাযোগ করেননি। সাটুরিয়ার উত্তর কাউন্নারা গ্রামের মো. নাছিম খান গত এপ্রিলে ডিএসপি সারের বরাদ্দের পরিমাণ জানতে চেয়ে গত ৩ এপ্রিল আবেদন করেছিলেন। যোগাযোগ করা হলে নাছিম খান বলেন, ‘কোন তথ্য, কিসের তথ্য? আমি তো ভাই কিছু বলতে পারব না।’ গত অর্থবছরের কাজের বিনিময়ে টাকা ও খাদ্য কর্মসূচি এবং বিশেষ ও সাধারণ টেস্ট রিলিফসহ বিভিন্ন প্রকল্পের নাম ও বরাদ্দের তথ্য চেয়ে প্রথম আলোর এ প্রতিবেদক গত ১৩ জুন আবেদন করেছিলেন সাটুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে। কিন্তু গত তিন মাসেও কোনো তথ্য সরবরাহ করা হয়নি। বারবার যোগাযোগের পরও নানা অজুহাতে কালক্ষেপণ করা হচ্ছে। সাটুরিয়ার পিআইও আব্দুল বাছেদ বলেন, ব্যস্ততার কারণে তথ্য প্রদান করা সম্ভব হচ্ছে না। খুব শিগগির দেওয়া হবে। ঘিওর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মঞ্জুর আলম জানান, গত এপ্রিল ও মে মাসে তাঁর দপ্তরে বিভিন্ন তথ্য চেয়ে ছয়টি আবেদন পড়েছিল। ছয়জনকেই তথ্য প্রদান করা হয়েছে। মানিকগঞ্জ সদর ও সিঙ্গাইর উপজেলার দায়িত্বে নিয়োজিত বেসরকারি সংস্থা আরবের উপপরিচালক জাহিদুর রহমান বলেন, ‘খুব সীমিতভাবে জনসাধারণকে তাদের তথ্য পাওয়ার অধিকার সম্পর্কে সচেতন করা হয়েছে। সাড়া জাগানোর মতো কোনো কাজ আমাদের পক্ষে করা সম্ভব হয়নি। এ কারণেই মানুষ তাদের অধিকার সম্পর্কে সচেতন না। তা ছাড়া জনসাধারণের মধ্যে ভয়ও কাজ করে। তারা মনে করে, তথ্যের জন্য কোনো দপ্তরে গিয়ে অযথা নানা হয়রানির মধ্যে পড়তে পারে তারা।’