পাইলট মডেল স্কুলের নলকূপ নষ্ট
‘দুই মাস ধরে আমাদের স্কুলের কলটি (নলকূপ) নষ্ট। তাই পানি খেতে বিভিন্ন দোকানে যেতে হয়। আমাদের সমস্যার কথা স্যারদের বলেও কোনো লাভ হয় নাই।’ মাদারীপুরের কালকিনি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র মেহেদী হাসান সম্প্রতি এ কথাগুলো বলে।বিদ্যালয়ে দুই মাস ধরে বিশুদ্ধ পানির ব্যবস্থা না থাকায় মেহেদী হাসানের মতো অনেক শিক্ষার্থী এভাবে দুর্ভোগ পোহাচ্ছে। কালকিনি উপজেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এ বিদ্যালয়ের একমাত্র গভীর নলকূপটি দুই মাস ধরে অকেজো হয়ে পড়ে থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিদ্যালয় ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, এখানে মোট ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় এক হাজার ৬০০; এর মধ্যে নিয়মিত বিদ্যালয়ে আসে এক হাজার ২০০। বিদ্যালয়ের একমাত্র নলকূপটি দুই মাস ধরে অকেজো পড়ে থাকায় সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে মেয়েদের। বিদ্যালয়ের ছাত্রী ঝুমা, সুমনা ও লাবণ্য জানায়, স্কুলের নলকূপ নষ্ট হওয়ায় বেশি কষ্ট হয় তাদের। তারা সব সময় দোকানে যেতে পারে না। তাই বাধ্য হয়ে আশপাশের বাড়িগুলোতে যায়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, ‘নষ্ট নলকূপটি ঠিক করলেও পাইপ ছিদ্র হয়ে পুকুরের পানি চলে আসে। এ রকম হওয়ায় আমরা উপজেলা জনস্বাস্থ্য বিভাগে বিষয়টি জানিয়েছি। তারা কোনো ব্যবস্থা নেয়নি।’বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মেজর (অব.) ডা. মজিবুর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। তবে দ্রুত এর একটা প্রতিকারের ব্যবস্থা নেওয়া হবে। ব্যক্তিগতভাবে হলেও শিক্ষার্থীদের এ দুর্ভোগ নিরসনের ব্যবস্থা নেওয়া হবে।’উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুস সাত্তার আকন বলেন, ‘বিষয়টি আমরা জানার পর নলকূপটি দেখে এসেছি। তেমন কোনো সমস্যা নয়। শুধু একটা পাইপ কিনে লাগালেই ঠিক হয়ে যাওয়ার কথা। প্রধান শিক্ষককে বলে এসেছি।’