পাইলটসহ চারজন সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উড়োজাহাজের দরজায় ত্রুটির কারণে শনিবার চট্টগ্রাম থেকে মাসকটগামী ফ্লাইট বাতিলের ঘটনায় তদন্ত শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
এ ঘটনায় পাইলটসহ চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে গতকাল রোববার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেছেন।
তবে এ বিষয়ে বিমান কর্তৃপক্ষের কোনো ভাষ্য পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ওই ফ্লাইটের পাইলট ক্যাপ্টেন ইসমত এবং ফার্স্ট অফিসার, চিফ পার্সার ও চট্টগ্রাম বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের এক কর্মীসহ চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বাংলাদেশ এয়ারলাইনস পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যা পর্যন্ত ওই ফ্লাইটের পাইলট সাময়িক বরখাস্তের কোনো চিঠি পাননি। তবে নিয়ম হচ্ছে, উড়োজাহাজ বা ফ্লাইটসংক্রান্ত কোনো ঘটনা ঘটলে তদন্ত করা হয়। তদন্তকালে পাইলট বা সংশ্লিষ্ট ক্রুদের ফ্লাইট দেওয়া হয় না, তাঁদের গ্রাউন্ডেড করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বাপার ওই কর্মকর্তা শনিবারের ঘটনা সম্পর্কে বলেন, নিয়ম হচ্ছে, যাত্রীরা সবাই আসনে বসার পর পাইলট উড়োজাহাজের দরজা বন্ধের নির্দেশ দিলে কেবিন ক্রুরা তা বন্ধ করে পাইলটকে জানান। এরপর পাইলট গ্রাউন্ড হ্যান্ডেলিংকে পুশকার্ড লাগাতে (উড়োজাহাজকে ধাক্কা দিয়ে পেছনে সরানো) বলবেন। তার আগে বোর্ডিং ব্রিজ সরানো হয় এবং উড্ডয়নের জন্য কন্ট্রোল টাওয়ারের অনুমতি নেন পাইলট। কিন্তু চট্টগ্রামের ওই ফ্লাইটটির ক্ষেত্রে পাইলট নির্দেশ দেওয়ার আগেই গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কর্মীরা পুশব্যাক বা ধাক্কা দিলে বিমানের দরজা গিয়ে বোর্ডিং ব্রিজের সঙ্গে ধাক্কা খায়। ফলে দরজাটিতে ত্রুটি দেখা দেয়। ককপিটের ভয়েস রেকর্ড পরীক্ষা করলে এর প্রমাণ মিলবে বলে দাবি করেন ওই কর্মকর্তা।
প্রসঙ্গত, শনিবার সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ওই ঘটনার পর মাসকটগামী ওই ফ্লাইট বাতিল করা হয়। পরে দুপুরে ঢাকা থেকে অপর একটি উড়োজাহাজ পাঠিয়ে যাত্রীদের গন্তব্যে পাঠানো হয়।