পাইলটের জেল-জরিমানা বাড়ছে
বিপজ্জনকভাবে বিমান চালালে পাইলটের জেল-জরিমানা বাড়ানো, দুর্ঘটনার শিকার ব্যক্তি বা তাঁর পরিবারকে সহায়তা এবং আকাশসীমা লঙ্ঘন করলে শাস্তি নির্ধারণ করাসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করে বেসামরিক বিমান চলাচল আইন প্রণয়ন করেছে সরকার।
আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের ব্রিফ করেন।
নতুন আইনে বিমানযাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের (আইকাও) প্রযোজ্য নীতিমালা অনুসরণ করা হয়েছে। ওই নীতিমালার পাশাপাশি দেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে প্রস্তাবিত আইনে বেশ কিছু শাস্তির বিধান রাখা হয়েছে।
এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, কোনো পাইলট বা দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি বিপজ্জনকভাবে বিমান চালালে পাঁচ বছরের কারাদণ্ড এবং এক কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। পাইলটের কারণে অন্য কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলে তাঁকে এই শাস্তি পেতে হবে। সুরক্ষা ও নিরাপত্তার কারণ ছাড়া কোনো ব্যক্তি অবৈধভাবে বিমান নিয়ে বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করলে শাস্তি সর্বোচ্চ সাত বছর ও সর্বনিম্ন তিন বছর কারাদণ্ড এবং ন্যূনতম দুই কোটি টাকা অর্থদণ্ড। এ ছাড়া আরও কিছু দেওয়ানি শাস্তি রয়েছে, যেগুলো বিধি দিয়ে নির্ধারণ করা হবে।
১৯৬০ সালের দ্য সিভিল অ্যাভিয়েশন অধ্যাদেশ প্রণয়নের পর বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে বিমান খাতে ব্যাপক উন্নতি হয়েছে। এর সঙ্গে তাল মিলিয়ে চলতে এবং অধ্যাদেশটি যুগোপযোগী করতে নতুন আইন প্রণয়ন করা হচ্ছে।
আজকের বৈঠকে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন হয়। এতে ২৪ সদস্যের একটি কাউন্সিল গঠনের কথা বলা হয়েছে, যার প্রধান হবেন সচিব।
এ ছাড়া পাবলিক প্রকিউরমেন্ট (চতুর্থ সংশোধন) আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা।