পাইলসে আক্রান্ত আমানুর

‘কোমরে ব্যথার’ পর এবার ‘পাইলসে’র কারণে সাংসদ আমানুর রহমান খান রানাকে আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ। ফলে আজ বুধবার আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ হয়নি।
১৮ অক্টোবর ‘কোমরে ব্যথার’ কারণে আমানুরকে আদালতে হাজির না হওয়ায় সেদিনও সাক্ষ্য গ্রহণ হয়নি।
টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি বিচারাধীন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এই পত্রে জানানো হয়, মামলার প্রধান আসামি সাংসদ আমানুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকেরা জানিয়েছেন তিনি পাইলসে আক্রান্ত। তার শারীরিক অবস্থা ভ্রমণ উপযুক্ত নয়। তার অস্ত্রোপচার হবে। তাই তাঁকে আদালতে হাজির করা সম্ভব হচ্ছে না। পরে বিচারক মো. আবুল মনসুর মিয়া আগামী ২৭ নভেম্বর সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন
সাংসদ আমানুরকে হাজির না করাকে বিচার প্রক্রিয়া বিলম্বিত করার কৌশল বলে মনে করছেন মামলার বাদী পক্ষ। তাদের মতে এর আগে অসুস্থতার নানা অজুহাতে আমানুরকে আটবার আদালতে হাজির করা হয়নি। তাই মামলাটি অভিযোগ গঠন করতেই প্রায় ১০ মাস সময় নষ্ট হয়েছে। মামলার তারিখ এলেই আমানুর অসুস্থ হয়ে পড়তেন। এখন সাক্ষ্যগ্রহণের সময়ও তারা একই কৌশল নিয়েছে। বাদী নাহার আহমেদ সাংসদ আমানুর যাতে প্রভাব বিস্তার করে নানা অজুহাতে বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করতে না পারেন, সে জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ আদালতে বিপুলসংখ্যক আওয়ামী লীগের নেতা-কর্মী আদালত চত্বরে উপস্থিত ছিলেন। সাক্ষ্যগ্রহণ না হওয়ার পর তারা আমানুর ও তাঁর ভাইদের বিচারের দাবিতে মিছিল বের করে। মিছিলটি আদালত এলাকা প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে
২০১৩ সালের ১৮ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তাঁর কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়। ঘটনার তিন দিন পর তাঁর স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। ২০১৪ সালের আগস্টে গোয়েন্দা পুলিশের তদন্তে এই হত্যায় সাংসদ আমানুর ও তাঁর ভাইদের নাম বের হয়ে আসে। ২০১৬ সালের ৩ ফেব্রুয়ারি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয় গোয়েন্দা পুলিশ। এই মামলায় আমানুর ছাড়াও তাঁর তিন ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তি, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি সানিয়াত খান বাপ্পাসহ ১৪জন আসামি রয়েছে। গত ৬ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।