পাইলসের অস্ত্রোপচারের পর মুক্তিযোদ্ধার পা অবশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিত্সায় ত্রুটির কারণে পাইলসের অস্ত্রোপচার হওয়ার পর মুক্তিযোদ্ধা আরশেদুল ইসলামের (৬১) ডান পা অবশ হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ সম্প্রতি নাটোরের সিংড়া উপজেলার একটি বেসরকারি ক্লিনিকে ওই অস্ত্রোপচার করা হয়৷
স্বজনেরা জানান, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সদরের বাসিন্দা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আরশেদুল ইসলাম দীর্ঘদিন ধরে পাইলস রোগে ভুগছিলেন৷ গত ১৭ জানুয়ারি তিনি নাটোরের সিংড়া উপজেলার বেসরকারি আল-হেরা ক্লিনিকে যান৷ ক্লিনিকের মালিক আবদুল আহাদ তাঁকে দ্রুত অস্ত্রোপচার করতে বলেন৷ এ জন্য একজন বিশেষজ্ঞ চিকিত্সকের অস্ত্রোপচার করার কথা ছিল৷ কিন্তু নির্ধারিত সময়ে তিনি না আসায় আহাদ আলী নিজেই ক্লিনিকের একজন নার্সকে নিয়ে ওই অস্ত্রোপচার করেন৷
আরশেদুল ইসলাম বলেন, ‘অস্ত্রোপচারের আগে আমার মেরুদণ্ডে একটি ইনজেকশন দেওয়া হয়৷ এতে তাত্ক্ষণিকভাবে ঝাঁকুনি দিয়ে শরীরে যন্ত্রণা ছড়িয়ে পড়ে৷ একই সময় ডান পায়ে ঝিমুনি ধরে এবং শরীরের নিম্নাংশ অবশ হয়ে যায়৷ এরপর কক্ষে নিয়ে অস্ত্রোপচার করা হয়৷ এর এক ঘণ্টা পর আমাকে সাধারণ কক্ষে নেওয়া হয়৷ অস্ত্রোপচারের পর ছয় দিন ক্লিনিকে থাকার পর আমার বাঁ পায়ে অনুভূতি ফিরে এলেও ডান পায়ে অনুভূতি ফিরে আসেনি৷ এরপর আমাকে বাড়িতে পঠিয়ে দেওয়া হয়৷ বাড়িতে আসার পর এখন পর্যন্ত আমার ডান পায়ে কোনো অনুভূতি পাচ্ছি না৷ বাঁ পা-ও এখন অবশ হতে চলেছে৷ চিকিত্সক বলেছেন, বিশ্রাম নিলে সব ঠিক হয়ে যাবে৷ কিন্তু আমার শারীরিক অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে৷ বিষয়টি একাধিকবার চিকিত্সককে বলা হলেও তিনি কর্ণপাত করছেন না৷’
এ বিষয়ে ক্লিনিকের মালিক চিকিত্সক আবদুল আহাদ বলেন, ‘রোগী শারীরিক ও মানসিকভাবে দুর্বল ছিলেন৷ অবেদনের ইনজেকশন দেওয়ার সময় তিনি ঝাঁকুনি দিয়ে ওঠেন৷ এ কারণে সুচটি স্থানচ্যুত হয়ে পড়ায় ইনজেনকশনের কিছু ওষুধ মেরুদণ্ডের বাইরে ঢুকে পড়ে৷ এ জন্য তেমন ক্ষতি হওয়ার কথা নয়৷ শুনেছি তাঁর পা অবশ হয়েছে৷ তবে বিশ্রাম নিলে কিছুদিনের মধ্যেই তা ঠিক হয়ে যাবে৷ তার পরও তাঁকে ঢাকার একজন বিশেষজ্ঞ চিকিত্সকের কাছে দেখানোর জন্য বলা হয়েছে৷’ তিনি সার্জন কি না এমন প্রশ্নের জবাবে আহাদ বলেন, ‘আমি একজন নিউরোসার্জন এবং বর্তমানে অবসরপ্রাপ্ত৷ এই অস্ত্রোপচার সাধারণ সার্জনরা করে থাকেন৷ পাইলসের অস্ত্রোপচার ছোট বিধায় আমারও অভিজ্ঞতা রয়েছে৷ সে কারণেই অস্ত্রোপচার নিজে করেছি৷’
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের অবেদনবিদ ও অস্ত্রোপচারের ওপর প্রশিক্ষণপ্রাপ্ত চিকিত্সক আবদুর রাজ্জাক জানান, অস্ত্রোপচারের জন্য নিন্মাংশ অবশ করতে মেরুদণ্ডে ইনজেকশন সঠিকভাবে দিতে হয়৷ এই কাজ দক্ষ চিকিত্সক দিয়ে করতে হয়৷ সঠিকভাবে প্রয়োগ না করলে অনেক সময় স্পাইনাল কর্ডের মধ্যে রক্ত জমে দুই পা অবশ বা প্যারালাইসিস হতে পারে৷ তবে সেটি বেিশ দিন থাকে না৷ যদি বেিশ দিন থাকে তাহলে অবশ্যই মেরুদণ্ডের পরীক্ষা করার পর স্পাইনাল কর্ডের অস্ত্রোপচার করে রক্ত বের করে দিতে হবে৷ তাহলে হয়তো রোগী আগের অবস্থায় ফিরে আসতে পারে৷