পাইলিংয়ের মাটি খালে ফেলায় জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের মাটি খাল ও নালায় ফেলায় চট্টগ্রামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিনের করেছেন ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
নাজিয়া শিরিন প্রথম আলোকে জানান, জয়নব ট্রেডিং নামের এক প্রতিষ্ঠান খাতুনগঞ্জে তাদের নির্মাণাধীন একটি বাণিজ্যিক ভবনের পাইলিংয়ের মাটি পাশের বদরখালী খালে ফেলছিল। এ ছাড়া ভবনের সামনের নালাটিও মাটি ফেলে ভরাট করে ফেলা হয়। বদরখালী খালটি এমনিতেই দখলে-দূষণে বিপর্যস্ত। তার ওপর সেখানে মাটি ফেলার কারণে ওই এলাকায় জলাবদ্ধতা আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে এ বিষয়ে তাদের আগেই সতর্ক করা হয়েছিল। কিন্তু মাটি ফেলা বন্ধ না করায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।