পাইলিংয়ের সময় পাশের ভবনে ফাটল
নোয়াখালী শহরের মাইজদী হাউজিং এস্টেটে সেন্ট্রাল রোডে বহুতল ভবন নির্মাণের জন্য পাইলিং করার সময় পাশের একটি ভবনের দেয়ালে ফাটলের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, ওই রোডের ১০ নম্বর প্লটের মালিক জাহাঙ্গীর আলম সপ্তাহ খানেক আগে তাঁর প্লটে পাঁচতলা ভবন নির্মাণের উদ্দেশ্যে ভূগর্ভে সেন্ড পাইলিংয়ের কাজ শুরু করেন। পাইলিংকালে ওই প্লটের পাশের ভবনগুলো কাঁপতে থাকে। ১২ নম্বর প্লটের তিনতলা ভবনের মালিক আজিজুর রহমান বলেন, ‘উত্তর পাশের ওই প্লটে ভূগর্ভের ২০ ফুট গভীর পর্যন্ত পাইলিং করার সময় আমার তিনতলা ভবনসহ আশপাশের ভবনগুলো কাঁপতে থাকে। অব্যাহত কাঁপুনিতে ইতিমধ্যে আমার ভবনের বিভিন্ন স্থানে দেয়ালে ফাটলের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পৌর মেয়রের কাছে আবেদন করেছি।’জাহাঙ্গীর আলম দাবি করেন, তিনি মাটি পরীক্ষার প্রতিবেদনের আলোকে অভিজ্ঞ প্রকৌশলী দিয়ে নকশা তৈরি করে পৌরসভার অনুমোদনের পর বিল্ডিং কোডের নিয়মানুযায়ী ভবন নির্মাণের কাজ শুরু করেছেন। এরপরও পৌর কর্তৃপক্ষ তদন্ত করে যেভাবে কাজ করতে বলবে তিনি সেভাবেই করবেন।নোয়াখালী পৌরসভার সার্ভেয়ার আবুল খায়ের জানান, তিনি গত রোববার সরেজিমনে পাশের প্লটের আজিজুর রহমানের তিনতলা ভবনের দক্ষিণ পাশের দেয়ালে ফাটল দেখেছেন। তবে ভূগর্ভে পাইলিংয়ের কারণে ওই ফাটলের সৃষ্টি হয়েছে কি না এ ব্যাপারে তিনি নিশ্চিত নন। এ অবস্থায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরেজমিনে দেখে সিদ্ধান্ত দেওয়ার আগ পর্যন্ত পাইলিং বন্ধ রাখতে বলা হয়েছে।পৌরসভার সহকারী প্রকৌশলী আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, ‘আমরা আজিজুর রহমানের লিখিত অভিযোগ পেয়েছি। নির্বাহী প্রকৌশলী বর্তমানে দাপ্তরিক কাজে ঢাকায় রয়েছেন। ফিরলে সরেজমিনে দেখে এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।’