পাউন্ড, ইউরোর ছড়াছড়ি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইলেকশন আইলে লন্ডনিরা পাউন্ড লইয়া আইন। যে যত বেশি খরচ করতা পারইন, তাইন তত বড় লন্ডনি, শক্তিশালী প্রার্থী।’ জগন্নাথপুর পৌর নির্বাচন নিয়ে এভাবেই নিজের অভিব্যক্তি বর্ণনা করেন পৌর এলাকার বাসুদেব বাড়ির বাসিন্দা মৃদুল চৌধুরী। তিনি জানান, নির্বাচনের আগের রাতে চলে টাকা বিতরণের খেল। তাই এ রাত হচ্ছে প্রার্থীদের ভাগ্য নির্ধারণের রাত।পৌর এলাকার ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, সুনামগঞ্জের প্রবাসী-অধ্যুষিত এ উপজেলায় কোনো নির্বাচন মানেই প্রবাসীদের অংশগ্রহণ। আর প্রবাসীদের অংশগ্রহণ মানেই পাউন্ড, ডলার আর ইউরোর ছড়াছড়ি। এ পৌরসভায় এবার প্রার্থী হয়েছেন সাতজন। তাঁদের মধ্যে ছয়জনই ব্রিটেন-প্রবাসী। স্থানীয় অধিবাসীদের ভাষায় তাঁরা ‘লন্ডনি প্রার্থী’।পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থীদের সর্বোচ্চ ব্যয়সীমা পাঁচ লাখ টাকা। কিন্তু জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে একেকজন মেয়র পদপ্রার্থীর ব্যয় ৫০ লাখ থেকে কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ভোটাররা মনে করছেন, যদিও প্রার্থীরা নির্বাচনী হলফনামায় ব্যয় দুই লাখ টাকার মধ্যে দেখিয়েছেন।পৌর এলাকার ইকড়ছই এলাকার বাসিন্দা আলী নূর জানান, এবার নির্বাচনে লন্ডনি প্রার্থী বেশি। তাই এবার খরচও হবে বেশি। একেকজন মেয়র পদপ্রার্থীর বাজেট কোটি টাকা করে আছে বলে শোনা যাচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক একজন মেয়র পদপ্রার্থীর সমর্থক বলেন, ‘টাকার হিসাবে আমাদের প্রার্থী পিছিয়ে নেই। দেখি, কে কত টাকা খরচ করতে পারেন। আমরা কোটি টাকার বাজেট নিয়ে মাঠে নেমেছি।’নির্বাচনে মেয়র পদে সাতজন প্রার্থী হয়েছেন। তাঁদের মধ্যে শুধু আক্তারুজ্জামান (তালা) দেশে থাকেন। বাকি ছয়জনই ব্রিটেন-প্রবাসী। তাঁরা হলেন: বর্তমান মেয়র আবদুল মনাফ (টেলিভিশন), লুৎফুর রহমান (কাপ-পিরিচ), আবদুল হান্নান (চশমা), শামীম আহমদ (দোয়াত-কলম), আনহার মিয়া (আনারস) ও শাহ নূরুল করিম (ঘড়ি)। নির্বাচনের জন্য বর্তমানে তাঁরা সবাই দেশে অবস্থান করছেন।আগামীকাল মঙ্গলবার ভোটের দিন সামনে রেখে এখনই টাকা বিতরণ শুরু হয়ে গেছে বলে অনেকে অভিযোগ করেছেন। লন্ডনি প্রার্থী লুৎফুর রহমান তাঁর প্রতিদ্বন্দ্বী আরেক ব্রিটেন-প্রবাসী আবদুল মনাফের বিরুদ্ধে ৬ জানুয়ারি উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন। পৌর এলাকার শেরপুর গ্রামে নির্বাচনী প্রচারকালে টাকা বিতরণ করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি।উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারোয়ার বলেন, পৌরসভার নয়টি ওয়ার্ড ও ১১টি কেন্দ্রে ভোটার আছেন ২২ হাজার ১৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৪২ জন; আর নারী ভোটার ১১ হাজার ১০২ জন। নির্বাচনে ৬৫টি ভোটকেন্দ্র থাকবে।উপজেলা রিটার্নিং কর্মকর্তা দেবজিৎ সিংহ বলেন, ‘টাকা বিতরণের কথা লোকমুখে বেশি শোনা গেলেও তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। প্রার্থীদের সঙ্গে আলাপ করে ব্যয় ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নজর রাখছি। হলফনামার অতিরিক্ত ব্যয়ের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।’