পাউবির অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে মামলা করছে দুদক
নিরাপত্তাপ্রহরী ও পিয়ন নিয়োগের নামে সাত লাখ টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত প্রধান প্রকৌশলী কে এম হুমায়ুন কবিরের বিরুদ্ধে মামলা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার কমিশনের বৈঠকে মামলার অনুমোদন দেওয়া হয়।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য মামলার অনুমোদনের কথা জানিয়ে প্রথম আলোকে বলেন, শিগগিরই অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক মামলা করবেন।
অনুসন্ধান প্রতিবেদন সূত্রে জানা যায়, কে এম হুমায়ুন কবির সিডিআরএসবি প্রকল্পের পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। প্রকল্পের জন্য নিরাপত্তাপ্রহরী ও পিয়ন নিয়োগের কথা থাকলেও তা না করে কাগজে-কলমে নিয়োগ হয়েছে বলে প্রতিবেদন দেন। তাঁদের জন্য বরাদ্দ বেতন-ভাতা বাবদ এক বছরে ৭ লাখ ২০ হাজার টাকা নিজে তুলে নেন।
কোনো নিরাপত্তাপ্রহরী বা পিয়ন নিয়োগ না করে ওই টাকা তিনি আত্মসাৎ করেছেন বলে দুদকের অনুসন্ধানে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে মর্মে প্রতিবেদন দেন অনুসন্ধান কর্মকর্তা। তাঁর সুপারিশের পরিপ্রেক্ষিতে মামলার অনুমোদন দেয় কমিশন।
পাউবোর অন্যতম শীর্ষ এ কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা ক্ষতি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে দুদকে।