হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কারকাজে কোটি কোটি টাকা ‘লুটপাট’ করা হয়েছে। এ কারণে সময়মতো বাঁধ নির্মাণ ও সংস্কার করা হয়নি। এ ঘটনায় জড়িত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাসহ অন্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সোমবার মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সমাবেশসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।
পাশাপাশি পাহাড়ি ঢলে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জসহ ক্ষতিগ্রস্ত উত্তর-পূর্বাঞ্চলকে দুর্গত অঞ্চল ঘোষণার দাবি জানানো হয়েছে।
গতকাল বেলা দুটো থেকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলাবাজারে সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করেন ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ আন্দোলন’ নামের সংগঠনের সদস্যরা। এ কর্মসূচি চলে প্রায় এক ঘণ্টা। এ ছাড়া সংগঠনটির পক্ষ থেকে বিক্ষোভ করা হয় সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জ বাজার ও মদনপুর এলাকায়। বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবু সফিয়ান, সদস্যসচিব বিন্দু তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান প্রমুখ। আগামী বৃহস্পতিবার বেলা ১১টায় সুনামগঞ্জ পৌর শহরে কৃষক-জনতার সমাবেশ ও পাউবো জেলা কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
দুপুরে সভা হয়েছে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে। এতে সমিতির সভাপতি সৈয়দ শায়েখ আহমদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’-এর আহ্বায়ক বজলুল মজিদ চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সৈয়দ শামছুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো. শেরেনূর আলী প্রমুখ।
বক্তারা বলেন, ফসলহারা কৃষকদের বাঁচাতে সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণা করতে হবে। একই সঙ্গে আগামী এক বছর সুনামগঞ্জে খোলা বাজারে চাল বিক্রি এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ভিজিডি ও ভিজিএফ কার্ড বিতরণ করাসহ তাঁদের সব কৃষিঋণ মওকুফ করতে হবে। তা ছাড়া বাঁধ নির্মাণ ও সংস্কারের নামে কোটি কোটি টাকা লুটপাটে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
জেলা কৃষি কার্যালয়ের হিসাবমতে, এ পর্যন্ত সুনামগঞ্জে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ফসলরক্ষা বাঁধ ভেঙে শতাধিক হাওরের ২ লাখ ৯৬ হাজার ৪৫৪ একর জমির বোরো ধান তলিয়ে গেছে। তবে কৃষকেরা বলছেন, ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি হবে। জেলায় এ বছর ২ লাখ ২৩ হাজার ৮৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল। পাউবো হাওরের এই ফসল রক্ষায় ৬৮ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ফসলরক্ষা বাঁধ নির্মাণ করছে।
এদিকে গতকাল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত কিশোরগঞ্জ শহরের স্টেশন রোডের রংমহল সিনেমা হলের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা শাখা মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এতে জেলা শাখার সভাপতি কমরেড সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক রাফিউল আলম, জেলা কৃষক সমিতির সভাপতি এনামুল হক প্রমুখ।
বক্তারা বলেন, হাওরাঞ্চলের ফসলরক্ষা বাঁধ নির্মাণ ও মেরামতের নামে পাউবোর দুর্নীতিবাজ কর্মকর্তাসহ প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সদস্য ও প্রশাসনের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা এবং ঠিকাদারদের যোগসাজশে সীমাহীন দুর্নীতি হয়েছে। এ কারণেই এবার অসময়ে হাওরের বাঁধ ভেঙে বছরের একমাত্র ফসল হারিয়ে কৃষকদের কাঁদতে হচ্ছে। দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় কৃষক সমাবেশ হয়েছে। গত রোববার সন্ধ্যায় উপজেলার ২ নম্বর পতনঊষার ইউনিয়ন পরিষদ (ইউপি) মিলনায়তনে সম্মিলিত নাগরিক সমাজ এ আয়োজন করে। এতে সম্মিলিত নাগরিক সমাজের আহ্বায়ক তোয়াবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন পতনঊষার ইউপি চেয়ারম্যান তওফিক আহমদ, সমাজসেবক আবদুল হান্নান, কৃষকনেতা এখলাছ উদ্দীন প্রমুখ।
বক্তারা ধলাই ও লাঘাটা নদীর বাঁধ মেরামত, খনন ও দ্রুত সংস্কার এবং এই উপজেলাকে বন্যাদুর্গত এলাকা ঘোষণার দাবি জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শামছুদ্দীন আহমদ বলেন, তাঁদের হিসাব অনুযায়ী, চার শতাধিক হেক্টর জমির বোরো ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), সমাজতান্ত্রিক খেতমজুর ও কৃষক ফ্রন্ট সিলেট জেলা শাখার উদ্যোগে গতকাল বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। নগরের আম্বরখানা এলাকায় দলীয় কার্যালয় থেকে মিছিল বের করা হয়। এটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়।
এদিকে ফসলডুবির ঘটনা সরেজমিনে দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাওরাঞ্চল সফরের অনুরোধ জানিয়ে স্মারকলিপি দিয়েছে ‘হাওর উন্নয়ন পরিষদ’ নামের একটি সংগঠন। গতকাল সংগঠনের পক্ষ থেকে সিলেটের বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
গতকাল দুপুরে হবিগঞ্জ শহরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বাসদ ও সিপিবি। শহরের খোয়ামই সেতু এলাকা থেকে মিছিল বের করা হয়। এটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন হাবিবুর রহমান, জুনায়েদ আহম্মেদ, শম্পা বসু প্রমুখ। বক্তারা বলেন, পাউবো পরিকল্পনামাফিক কাজ করলে এ ফসলের ক্ষতি হতো না।
রংপুরে গতকাল মানববন্ধন করা হয়েছে। সমাজতান্ত্রিক খেতমজুর ও কৃষক ফ্রন্ট জেলা শাখার উদ্যোগে রংপুর প্রেসক্লাবের সামনে গতকাল বেলা ১১টা থেকে এ কর্মসূচি পালন করা হয়। সংগঠনের আহ্বায়ক মমিনুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক অমল সরকার, জেলা বাসদের সমন্বয়ক আবদুল কুদ্দুস প্রমুখ।
বক্তারা বলেন, পাউবোর কর্মকর্তাদের গাফিলতির কারণে হাওরাঞ্চলে ফেব্রুয়ারির মধ্যে ফসলরক্ষা বাঁধ নির্মাণ ও মেরামত কাজ সম্পন্ন হয়নি। এ ঘটনায় জড়িত পাউবোর কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
ডুবল আরও একটি হাওর: গতকাল ফসলরক্ষা বাঁধ ভেঙে সুনামগঞ্জের দিরাই উপজেলার কালিয়াঘুটা হাওরের বিস্তৃত এলাকার বোরো ধান তলিয়ে গেছে। কৃষকেরা এক সপ্তাহ ধরে হাওরটির বিভিন্ন এলাকায় বাঁধে কাজ করে ভাঙন ঠেকিয়ে রেখেছিলেন। কিন্তু গতকাল সকালে প্রথমে হাওরের হাওয়ার বাঁধ এবং পরে মানিকদা এলাকার বাঁধটি ভেঙে যায়।
কৃষকেরা জানিয়েছেন, এই হাওরে ১৮ হাজার ৩১ একর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল। সব ফসল পানির নিচে চলে গেছে।
খোলা বাজারে চাল বিক্রি শুরু: সুনামগঞ্জে গতকাল থেকে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খোলা বাজারে চাল ও আটা বিক্রির কর্মসূচি শুরু হয়েছে। প্রতি কেজি চাল ১৫ টাকা ও আটা ১৭ টাকা দরে বিক্রি করা হচ্ছে। গতকাল সকালে সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদ (ইউপি) প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
{প্রতিবেদন তৈরিতে সহযোগিতা দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, সিলেট, নিজস্ব প্রতিবেদক, রংপুর, সুনামগঞ্জ অফিস এবং কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি}