পাউবোর কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসির চিঠি
সিরাজগঞ্জের শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্টে ধসের জায়গায় গত মঙ্গলবারও সিসি ব্লক ও বালুর বস্তা ফেলা হয়েছে। ধস নামার সময় প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ার অভিযোগে জেলা প্রশাসন স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে। সেনাবাহিনীর ৯৮ সংমিশ্রণ ব্রিগেড কমান্ডের তত্ত্বাবধানে বাঁধ মেরামতের কাজ চলছে। জেলা প্রশাসন, পুলিশ ও র্যাব কাজের তদারক করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ওয়াহেদুজ্জামান ও পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক হাবিবুর রহমান মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে যান। পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বিকেলে তারা ঢাকার উদ্দেশে রওনা হন। জেলা প্রশাসক আমিনুল ইসলাম মঙ্গলবার সাংবাদিকদের বলেন, স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণেই সোমবার সন্ধ্যায় বাঁধে ধস নেমেছে। তিনি জানান, নির্বাহী প্রকৌশলীসহ কর্মকর্তাদের অবিলম্বে প্রত্যাহার ও তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। তবে নির্বাহী প্রকৌশলী আবদুল মালেক সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘জেলা প্রশাসকের মতো গুরুত্বপূর্ণ পদে থেকে তাঁর এই মন্তব্য দুঃখজনক।’