পাউবোর কর্মকর্তাদের রহস্যজনক অনুপস্থিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের রহস্যজনক অনুপস্থিতি এবং কোনো ধরনের তদারকি ছাড়াই ১৫ দিন ধরে কক্সবাজারের কুতুবদিয়ায় বালু দিয়ে ৩৯ কোটি টাকার বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে। পাশাপাশি গণনা ছাড়াই বাঁধের পাশে বসানো হচ্ছে হাজার হাজার সিসি ব্লক। ফলে অনিয়ম-দুর্নীতির এই বাঁধও অতীতের মতো সাগরে বিলীন হওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী।কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমদ অভিযোগ করেন, বাঁধ নির্মাণের নামে কোটি কোটি টাকা লুটপাটের জন্য পাউবোর বিতর্কিত কর্মকর্তারা ঠিকাদারদের দুর্নীতি করার সুযোগ করে দিচ্ছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘দ্বীপের দেড় লাখ মানুষকে ঝুঁকির মুখে রেখে কাউকে বিদেশি টাকা লুটেপুটে খাওয়ার সুযোগ দেওয়া হবে না।’ পাউবোর কর্মকর্তাদের অনুপস্থিতিতে কাজ চালানোর কারণ জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স উন্নয়ন ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক আবদুর রহিম জানান, পাউবোর কর্মকর্তারা উপস্থিত না থাকলেও কাজ বন্ধ রাখা যাচ্ছে না। মে মাসের শুরুর দিকে বর্ষা শুরু হবে। তখন কাজ চালানো সম্ভব হবে না। তাই তড়িঘড়ি করে কাজ করতে হচ্ছে। এ ক্ষেত্রে কোনো অনিয়ম করা হচ্ছে না। তিনি দাবি করেন, কাজ বন্ধ রাখার জন্য এ পর্যন্ত পাউবোর কোনো কর্মকর্তা আমাদের মৌখিক বা লিখিত নির্দেশ দেননি। জানতে চাইলে পাউবোর কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. মাইন উদ্দিন জানান, ১২ এপ্রিল দুপুরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় পাউবোর ছয় কর্মকর্তা আহত হন। নিরাপত্তার কারণে এবং উন্নত চিকিৎসার্থে তাঁদের ওই দিন কক্সবাজারে নিয়ে আসা হয়। বর্তমানে আহত কর্মকর্তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কক্সবাজারে বিশ্রাম নিচ্ছেন। এখন কুতুবদিয়ায় পাউবোর কোনো কর্মকর্তা নেই।এক প্রশ্নের জবাবে নির্বাহী প্রকৌশলী জানান, কর্মকর্তাদের অনুপস্থিতিতে কাজ বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারদের মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে। কাজ বন্ধের লিখিত নির্দেশ না দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী নীরব থাকেন।বাঁধ নির্মাণকাজে তদারকির দায়িত্বপ্রাপ্ত পাউবোর শাখা কর্মকর্তা আবদুস সাত্তার জানান, কাজ বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশ দেওয়া হলেও তাঁরা কাজ চালিয়ে যাচ্ছেন। কিন্তু আওয়ামী লীগের নেতাদের ভয়ভীতি প্রদর্শনের কারণে তাঁরা এলাকায় গিয়ে কাজ তদারক করতে সাহস পাচ্ছেন না। নিরাপত্তার জন্য প্রশাসনে আবেদন করা হয়েছিল কি না জানতে চাইলে আবদুস সাত্তার নীরব থাকেন। কুতুবদিয়ার ইউএনও ও ওসি জানান, নিরাপত্তা চেয়ে গত সোমবার পর্যন্ত পাউবোর পক্ষ থেকে কেউ তাঁদের কাছে আবেদন করেননি। নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট এক ঠিকাদার বলেন, একদিকে তাঁরা (পাউবো কর্মকর্তারা) সাংবাদিকদের বলেন কাজ বন্ধ রাখতে, অন্যদিকে আমাদের (ঠিকাদারদের) বলেন, সময় নেই, তাড়াতাড়ি কাজ করেন।সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, গত ১৫ দিনে পাউবো কর্মকর্তাদের অনুপস্থিতিতে ঠিকাদারেরা ২০ হাজারের বেশি সিসি ব্লক তৈরি করে বালুর বাঁধের পশ্চিম পাশে ফেলেছেন। পাউবোর কর্মকর্তাদের উপস্থিতিতে এসব ব্লক গুনে গুনে বসানোর নিয়ম থাকলেও এখন হিসাব ছাড়াই ব্লক বসানো হচ্ছে। এর কারণ, হিসাবের চেয়ে কম ব্লক বসিয়ে বরাদ্দের পুরো টাকা হাতিয়ে নেওয়া।আলী আকবর ডেইল ইউনিয়নের তাবলেরচর, কাহারপাড়ার বাসিন্দা আবদুল গফুর ও সিরাজুল ইসলাম জানান, কোটি কোটি টাকা খরচ করে যে বালুর বাঁধ তৈরি হচ্ছে, তা মোটেও টেকসই হচ্ছে না। পাউবোর কর্মকর্তাদের তদারকি না থাকায় ঠিকাদারেরা শুষ্ক মৌসুমে কাজ শুরু না করে বর্ষা শুরুর আগেভাগে কাজ শুরু করেন, যাতে ঝড় ও জলোচ্ছ্বাসের কবলে বিলীন দেখিয়ে বিদেশি টাকা লুটেপুটে খাওয়া যায়। প্রসঙ্গত, ২৫ এপ্রিল প্রথম আলোয় ‘৩৯ কোটি টাকার বাঁধ নির্মাণে অনিয়ম!’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।