পাউবোর কার্যালয়ে মুরগির আড়ত
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা দপ্তরের ভেতর গড়ে তোলা হয়েছে মুরগির আড়ত। পাশাপাশি চলছে খোয়া ভাঙা, রিং স্লাব তৈরি ও বিক্রির কাজ। এরই মধ্যে দপ্তরের কিছু জায়গা দখল করে স্থানীয় কয়েকজন ব্যক্তি গড়ে তুলেছেন দোকানঘর।দপ্তরের দেখাশোনার দায়িত্বে থাকা এমএলএসএস (পিয়ন) আবদুল জলিল বলেন, স্থানীয় কয়েকজন লোক রিং স্লাব তৈরি ও বিক্রির কাজ করছেন। দপ্তরের ভেতরেই এক ব্যক্তি মুরগি বেচাকেনা করছেন। নিষেধ করলে ভয়-ভীতি ও হুমকি-ধমকি দেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের মৌখিক ও লিখিতভাবে অনেকবার বিষয়টি জানিয়েছি কিন্তু তাঁরা গুরুত্ব দেননি।স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ৫০ শতক জায়গার ওপর দপ্তরটির অবস্থান। দপ্তরের দায়িত্বে রয়েছেন একজন উপসহকারী প্রকৌশলী ও একজন এমএলএসএস (পিয়ন)। বর্তমানে দপ্তরে কর্মকাণ্ড না থাকায় উপসহকারী প্রকৌশলী আবদুল মালেক এখানে আসেন না। পিয়ন আবদুল জলিল দপ্তরটিতে পরিবার নিয়ে থাকেন। দপ্তরের অধীনে একই চত্বরে হাইড্রোলজি (পানি বিজ্ঞানাগার) ভবন রয়েছে। পুরো দপ্তরে একজন কর্মচারীও নেই।সরেজমিনে দেখা গেছে, দপ্তরটির কোনো সীমানা প্রাচীর নেই। দপ্তরের চত্বরজুড়ে স্তূপ করে রাখা হয়েছে ইটের ভাঙা খোয়া ও রিং স্লাবে। শহিদুল ইসলাম নামের এক ব্যক্তি সেখানে মুরগি বিক্রি করছেন। রিং স্লাব তৈরি ও বিক্রি করছেন রেজাউল ইসলাম নামের এক ব্যক্তি। আফিকুল, ইউসুফসহ আটজন ব্যক্তি করছেন খোয়ার ব্যবসা। রেজাউল ও ইউসুফ বলেন, ফাঁকা জায়গা পড়ে আছে, তাই সবাই মিলে ব্যবসা করছেন। অফিস চালু হলে চলে যাবেন।এ ব্যাপারে যোগাযোগ করা হলে পাউবোর উপসহকারী প্রকৌশলী আবদুল মালেক বলেন, দখলদারদের বিরুদ্ধে এর আগে মামলা করা হয়েছে। অনেক চেষ্টা করেও ইটের খোয়াভাঙা ব্যক্তিদের সরানো যাচ্ছে না। অর্থের অভাবে সীমানা প্রাচীরও দেওয়া সম্ভব হচ্ছে না।