পাউবোর কিছু অডিট আপত্তি নিয়ে প্রশ্ন সংসদীয় কমিটির
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নিষ্পন্ন হওয়া কিছু অডিট আপত্তি নিয়ে প্রশ্ন তুলেছে অনুমিত হিসাব-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল মঙ্গলবার সংসদ ভবনে কমিটির এক বৈঠকে এ আপত্তি তোলা হয়। এসব আপত্তির সঙ্গে জড়িত টাকার পরিমাণ ৩৪৪ কোটি টাকা। এসব আপত্তি কীভাবে নিষ্পত্তি করা হয়েছে তার পূর্ণাঙ্গ চিত্র কমিটিতে উপস্থাপনের জন্য পানিসম্পদ মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করা হয়েছে। এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে সদস্য হাফিজউদ্দিন আহমেদ, সিরাজুল আকবর, হাফিজ আহমদ মজুমদার, মোস্তফা ফারুক মোহাম্মদ এবং এস কে বাকের উপস্থিত ছিলেন। পাউবোর ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত অনিষ্পন্ন অডিট আপত্তির সংখ্যা এক হাজার দুটি। এসব আপত্তির সঙ্গে জড়িত অর্থের পরিমাণ এক হাজার ১৪৩ কোটি টাকা। অন্য দিকে নিষ্পন্ন হওয়া অডিট আপত্তির সংখ্যা ৬৯৭টি। এর সঙ্গে জড়িত টাকার পরিমাণ ৩৪৪ কোটি টাকা। বৈঠকে পানিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব তথ্য তুলে ধরা হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি আশিকুর রহমান জানান, বর্তমানে জাতীয় পানিনীতি প্রণয়নের কাজ চলছে। এ নীতিতে কী কী বিষয় অন্তর্ভুক্ত করা যায়, তা পরীক্ষা-নিরীক্ষার জন্য একটি উপকমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।