পাউবোর গাফিলতিতেই ডুবেছে ২১ গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুশিয়ারা নদীর পানি বেড়ে সিলেটের বালাগঞ্জ উপজেলার বেশ কিছু গ্রাম এখন পানিবন্দী। বসতঘর, রাস্তাঘাট সব জায়গায় পানি। গতকাল উপজেলা সদরের আদিত্যপুর এলাকা থেকে তোলা l ছবি: প্রথম আলো
কুশিয়ারা নদীর পানি বেড়ে সিলেটের বালাগঞ্জ উপজেলার বেশ কিছু গ্রাম এখন পানিবন্দী। বসতঘর, রাস্তাঘাট সব জায়গায় পানি। গতকাল উপজেলা সদরের আদিত্যপুর এলাকা থেকে তোলা l ছবি: প্রথম আলো

কুশিয়ারা নদীরক্ষা বাঁধ নির্মাণে গাফিলতির কারণেই সিলেটের ওসমানীনগর উপজেলার ২১টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এ কারণে সেখানকার অন্তত ৩৫ হাজার মানুষ এক মাস ধরে পানিবন্দী অবস্থায় মানবেতর জীবন যাপন করছে। গতকাল সোমবার বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলার কয়েকজন বাসিন্দা এই অভিযোগ করেন।

উপজেলার ২১টি গ্রামের ভুক্তভোগীরা জানান, উপজেলার লামা তাজপুর গ্রামের পাশ দিয়ে প্রবাহিত কুশিয়ারা নদীর পাড়ে সাদিপুর থেকে গালিমপুর পর্যন্ত সাত কিলোমিটার দীর্ঘ একটি নদীরক্ষা বাঁধ রয়েছে। দুই বছর আগে বাঁধটি নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। বাঁধটি নির্মাণের সময়ই অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছিলেন স্থানীয় ব্যক্তিরা। বাঁধটি নির্মাণের সময় কোনো কোনো অংশের প্রস্থ ৩০ ফুট ও ২০ ফুট উঁচু ছিল, আবার কোথাও এটি ছিল মাত্র ১০ ফুট উঁচু। বন্যার কারণে এসব গ্রামে বিশুদ্ধ খাওয়ার পানি এবং খাদ্যের সংকট দেখা দিয়েছে।

একই সূত্র জানায়, রমজান মাসের প্রথম সপ্তাহে কুশিয়ারা নদীর পানি বেড়ে লামা তাজপুর গ্রামের পাশের বাঁধের সেই নিচু অংশ ভেঙে বন্যা দেখা দিয়েছে। এ অবস্থায় তলিয়ে গেছে উপজেলার অন্তত ২১টি গ্রাম। এসব গ্রামের অধিকাংশ বাড়িঘর পানির নিচে তলিয়ে আছে। অথচ এবার বন্যা দেখা দেওয়ার আগে পাউবোকে বাঁধটি সংস্কারের অনুরোধ জানিয়েছিলেন স্থানীয় ব্যক্তিরা। কিন্তু পাউবো কর্তৃপক্ষের গাফিলতিতে যথাসময়ে সংস্কার না হওয়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে পাউবো সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, ‘দুই বছর আগে উপজেলার সাদিপুর-গালিমপুর কুশিয়ারা নদীরক্ষা বাঁধটি পূর্ণাঙ্গভাবে সংস্কার করা হয়নি, তাই উঁচু-নিচু ছিল। এবার বরাদ্দ না থাকায় বাঁধটি সংস্কার করা যায়নি, এতে পাউবোর কোনো গাফিলতি ছিল না। তিনি আরও বলেন, এবার বাঁধ ভেঙে যাওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বালুর বস্তা, টিনের পাত ও বাঁশ দিয়ে ওই বাঁধ জরুরি সংস্কারের জন্য পাউবো কর্তৃপক্ষ ছয় লাখ টাকা বরাদ্দ দিয়েছিল। তবে কিছু কাজ করার পর ভাঙন আর ঠেকানো যায়নি। এখন বন্যার পানি নেমে গেলে বাঁধটি পুনরায় নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন, বাঁধটি ভেঙে যাওয়ার কারণে উপজেলার সাদিপুর ইউনিয়নের লামা তাজপুর, পূর্ব তাজপুর, সৈয়দপুর, সুন্দিখলা, সম্মানপুর, ইব্রাহিমপুর, গজিয়া, চাতলপাড়, রহমতপুর, সুরিকোনা, সাদিপুর, গুজাতলি, আন্ধাইরকোনা, কালনির চর, নলিকোনা, নূরপুর, গাবুরটিকি, মোবারকপুর, হলিমপুর এবং গোয়ালাবাজার ইউনিয়নের বাঘলপুর ও মুতিয়ারগাঁও—এই ২১টি গ্রামের অন্তত ৩৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

গতকাল সরেজমিনে দেখা গেছে, নদীরক্ষা বাঁধের কাছাকাছি প্রায় গ্রামেই বন্যার পানিতে বাড়িঘর তলিয়ে গেছে। তাই কোনো কোনো পরিবার মাচা বেঁধে এবং কাঠের চৌকির ওপর আরেকটি চৌকি বসিয়ে বসবাস করছে। পানির ওপর টিন পেতে সেখানে চুলা বসিয়ে কোনো রকমে রান্নাবান্না সারছে। রাস্তাঘাট পানিতে তলিয়ে আছে। এ কারণে অন্তত ১৮টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে।

ওসমানীনগর উপজেলার লামা তাজপুর গ্রামের পাশ দিয়ে প্রবাহিত কুশিয়ারা নদীর এই বাঁধ ভেঙে উপজেলার ২১টি গ্রাম প্লাবিত হয়েছে। গতকাল ‍দুপুরে তোলা ছবি l প্রথম আলো
ওসমানীনগর উপজেলার লামা তাজপুর গ্রামের পাশ দিয়ে প্রবাহিত কুশিয়ারা নদীর এই বাঁধ ভেঙে উপজেলার ২১টি গ্রাম প্লাবিত হয়েছে। গতকাল ‍দুপুরে তোলা ছবি l প্রথম আলো

লামা তাজপুর এলাকার কৃষিজীবী আবদুল কালাম (৫২) ও তাঁর স্ত্রী গৃহিণী আয়শা বেগম (৪৫) জানান, এক মাস ধরে বন্যার পানি তাঁদের ঘরে ও আঙিনায় রয়েছে। অথচ জনপ্রতিনিধি থেকে শুরু করে স্থানীয় প্রশাসন কেউ তাঁদের খবর নেয়নি। তাঁরা এখন বিশুদ্ধ খাওয়ার পানি ও খাদ্যের সংকটে ভুগছেন।

লামা তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুনেদ আহমদ বলেন, ঈদের ছুটির পর গত শনিবার তাঁদের বিদ্যালয় খুলেছে। কিন্তু ২২৭ জন শিক্ষার্থীর মধ্যে অন্তত ৯৫ শতাংশ শিক্ষার্থীর বাড়িঘর তলিয়ে যাওয়ায় তারা বিদ্যালয়ে আসতে পারছে না। ইব্রাহিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ শহীদুর রহমান বলেন, তাঁর বিদ্যালয়ে কোমরসমান পানি।

বন্যার্তদের অভিযোগ, বন্যাকবলিত এলাকা হওয়ায় দরিদ্রদের রোজগারের পথও বন্ধ হয়ে গেছে। এসব পরিবার ত্রাণ না পাওয়ায় খেয়ে না-খেয়ে কোনোমতে জীবন যাপন করছে। এ অবস্থায় বন্যাকবলিত গ্রামগুলোতে পর্যাপ্ত ত্রাণসামগ্রী সরবরাহের অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগীরা।

ত্রাণ বরাদ্দের বিষয়ে জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার বলেন, ওসমানীনগরে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পাঠানো হয়েছে। তাই ত্রাণ না পাওয়ার বিষয়টি সঠিক নয়। প্রয়োজনে আরও ত্রাণ পাঠানো হবে। সেই উপজেলায় বন্যার পানি গতকাল সোমবার কিছুটা কমেছে বলে তিনি জানান। বৃষ্টি না হলে পরিস্থিতির দ্রুত উন্নতি ঘটবে বলে তাঁর ধারণা।

সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুর রব প্রথম আলোকে বলেন, ‘পাউবো যদি চলতি বছর স্থানীয়দের অনুরোধ রেখে বাঁধটি সংস্কার করত, তাহলে এই দুর্ভোগ পোহাতে হতো না। পাউবো গাফিলতি করে এই বাঁধ পুনর্নির্মাণ করেনি। তবে পাউবো এই সংস্কার না করায় ইউনিয়ন পরিষদের পক্ষ হতে আমরা বাঁধটির কিছুটা সংস্কার করেছিলাম।’

 সিলেটের জেলা প্রশাসক বলেন, ‘পাউবোর গাফিলতির বিষয়ে স্থানীয়দের অভিযোগটি পেয়েছি। এটি অনুসন্ধান করে দেখা হচ্ছে। বন্যা শেষে বাঁধটি যেন দ্রুত নির্মাণ করা হয়, সে ব্যাপারে পাউবো কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।’