চট্টগ্রামের বাঁশখালীতে উপকূলীয় বাঁধ রক্ষা প্রকল্পের কাজে প্রায় ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) চট্টগ্রামের চার কর্মকর্তা ও দুই ঠিকাদারের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদক সমন্বিত কার্যালয় চট্টগ্রাম-১-এর উপসহকারী পরিচালক হুমায়ন কবির বাঁশখালী থানায় মামলা দুটি করেন।দুদক সূত্র জানায়, একটি মামলায় দুই লাখ ৩৯ হাজার ৩৪ টাকা আত্মসাতের অভিযোগে চারজনকে আসামি করা হয়েছে। এই মামলার আসামিরা হলেন: পাউবোর চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী আশরাফ জামান, উপবিভাগীয় প্রকৌশলী নূর মোহাম্মদ, উপসহকারী প্রকৌশলী আবুল বাশার ও ঠিকাদার মো. আলমগীর।সূত্র জানায়, অন্য মামলায় ২৭ লাখ ৫১ হাজার ২৫ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এই মামলার আসামিরা হলেন: পাউবোর চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী আশরাফ জামান, উপবিভাগীয় প্রকৌশলী নূর মোহাম্মদ, উপসহকারী প্রকৌশলী আবদুর রহিম ও ঠিকাদার নূর মোহাম্মদ।দুদকের উপসহকারী পরিচালক হুমায়ন কবির প্রথম আলোকে বলেন, ‘প্রকল্পের একটি অংশে ৫০০ মিটার কাজের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এ কারণে দুই লাখ ৩৯ হাজার ২৩৪ টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা করা হয়।’ তিনি জানান, অপর অংশে ৯ দশমিক ৭ কিলোমিটার দীর্ঘ বাঁধের কাজে ২৭ লাখ ৫১ হাজার ২৫ টাকা আত্মসাতের অভিযোগে অপর মামলাটি করা হয়।ফৌজদারি দণ্ডবিধির ১০৯ ও ৪০৯ ধারায় এবং ১৯৪৭ সালের দুর্নীতি দমন আইনের ৫(২) ধারা মোতাবেক মামলা দুটি করা হয়েছে।