হবিগঞ্জে এক ব্যক্তির বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ২৫ শতাংশ জমি কৌশলে বিক্রি করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে এই জমি বিক্রির আগেই নিবন্ধন না করতে পাউবো জেলা রেজিস্ট্রারের কাছে একটি চিঠি পাঠালেও তিনি তা আমলে নেননি।
তবে এই বিষয়ে জেলা রেজিস্ট্রার রওশন আরা বেগম বলেন, পাউবোর কোনো চিঠি তিনি পাননি। পেলে অবশ্যই ব্যবস্থা নিতেন। কিন্তু হবিগঞ্জ সদর উপজেলা সাব-রেজিস্ট্রার হাবিবুর রহমান এই চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, চিঠিটি গত ২৪ জুলাই বিকেলে তিনি জেলা রেজিস্ট্রারের কার্যালয় থেকে পেয়েছেন।
পাউবো সুনামগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জ শহর খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধের জন্য পাউবো ১৯৮৫ সালে শহরের কামড়াপুর (এমএ রব সেতুর উত্তরাংশে) মৌজার ১৪১ দাগের ২৫ শতাংশ জমি অধিগ্রহণ করেন একই এলাকার গুনি মিয়ার কাছ থেকে। গুনি মিয়ার ছেলে আবদুল আওয়াল এই ভূমি আরএস রেকর্ড অনুযায়ী মাঠ পরচা কৌশলে নিজের নামে করে নেন। এমনকি তিনি এই ভূমি হবিগঞ্জ শহরতলির বহুলা গ্রামের এমরান মিয়া নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। এমরান মিয়া ক্রয় করার সত্যতা নিশ্চিত করে বলেন, ২৪ জুলাই হবিগঞ্জ সদর সাব-রেজিস্ট্রার অফিসে তা নিবন্ধন করে দিয়েছেন আবদুল আওয়াল। দলিল নম্বর ৪১৮৬। এই জমির আনুমানিক দাম অর্ধকোটি টাকা।
পাউবো কার্যালয় সূত্রে আরও জানা গেছে, জমি বিক্রির খবর পেয়ে পাউবোর নির্বাহী প্রকৌশলী জমি নিবন্ধনের এক দিন আগে ২৩ জুলাই হবিগঞ্জ জেলা রেজিস্ট্রারকে একটি চিঠি দেন। চিঠিতে জমির বিবরণ দিয়ে বলা হয় এই জমি পাউবো শহর প্রতিরক্ষা বাঁধের জন্য ক্রয় করা হয় ১৯৮৫ সালে। ১৪২৩ বাংলা সন পর্যন্ত তাদের খাজনা পরিশোধ আছে। এরপরও একটি পক্ষ জালিয়াতি করে এই জমি বিক্রির চেষ্টা চালাচ্ছে।
এই চিঠি পাওয়ার পরও ২৪ জুলাই আপত্তি করা জমি নিবন্ধন হয় সদর উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে। এই বিষয়ে সদর উপজেলা সাব-রেজিস্ট্রার মো. হাবিবুর রহমান বলেন, যে ব্যক্তি বিক্রি করেছেন তাঁর কাগজপত্র, খাজনা পরিশোধের রসিদে কোনো ভুলত্রুটি তিনি পাননি। জমি নিবন্ধন করতে যা যা প্রয়োজন তাঁরা সবই দিয়েছেন। তারপর পাউবোর দাবি অনুযায়ী এই চিঠি তিনি নিবন্ধন হওয়ার আগে পেলে বিষয়টি বিবেচনায় নিতেন। জেলা রেজিস্ট্রার অফিস থেকে এই চিঠি তাঁর হাতে পৌঁছায় ২৪ জুলাই বিকেলে। যে কারণে তাঁর কিছুই করার ছিল না।
পাউবোর হবিগঞ্জ জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. তাওহীদুল ইসলাম বলেন, ‘জানানোর পর কেন তাঁরা নিবন্ধন করল তা বুঝে উঠতে পারছি না।’ জেলা রেজিস্ট্রার চিঠি না পাওয়ার বিষয়ে বলেন, একই চিঠি সাব-রেজিস্ট্রার পান, জেলা রেজিস্ট্রার পান না বিষয়টি তাঁর কাছে পরিষ্কার নয়। এই বিষয়ে তিনি ভূমি ট্রাইব্যুনালে যাবেন।
জমি বিক্রেতা আবদুল আওয়াল দাবি করেন, এখানে জালিয়াতি কিছু হয়নি। তাঁর বাবার নামের কিছু ভূমি (অধিগ্রহণের বাইরে থাকা) তিনি এমরান মিয়ার কাছে বিক্রি করেছেন।