পাউবোর জমি দখল করে এনজিওর ভবন নির্মাণ
বরিশালের আগৈলঝাড়ায় একটি বেসরকারি সংস্থা (এনজিও) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি দখল করে ভবন নির্মাণ করছে। এ কাজ করতে গিয়ে সংস্থাটি সড়কের পাশের লক্ষাধিক টাকার গাছ কেটে ফেলেছে বলে অভিযোগ উঠেছে।
আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে ভবন নির্মাণের কাজ বন্ধের নির্দেশ দিলেও সংস্থাটি তা মানছে না।
উপজেলা ভূমি কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১০-১২ বছর আগে তরঙ্গ নামের একটি এনজিও উপজেলার রাজিহার ইউনিয়নে কার্যক্রম শুরু করে। কয়েক মাস আগে উপজেলার বাকাল ইউনিয়নের কদমবাড়িতে শাখা কার্যালয় করার সিদ্ধান্ত নেয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী সংস্থার ব্যবস্থাপক মো. কামরুজ্জামান পাউবোর ‘ওয়াপদা বেড়িবাঁধ’ প্রকল্পের কদমবাড়ি এলাকার ৪ শতাংশ জমি দখল করে ১০ সেপ্টেম্বর ভবন নির্মাণের কাজ শুরু করেন। শুধু তা-ই নয়, ভবন নির্মাণ করতে গিয়ে সংস্থাটি পয়সারহাট-রামশীল ওয়াপদা সড়কের পাশে লাগানো রেইনট্রিসহ বিভিন্ন প্রজাতির লক্ষাধিক টাকার গাছ কেটে বিক্রি করে দিয়েছে।
ইউএনওর কার্যালয় সূত্র জানা গেছে, ১১ সেপ্টেম্বর স্থানীয় লোকজন এ বিষয়ে ইউএনও আবুল কালাম তালুকদারের কাছে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউএনও ১৫ সেপ্টেম্বর কাজ বন্ধের নির্দেশ দিয়ে সংস্থার ব্যবস্থাপককে চিঠি দেন। কিন্তু ওই নির্দেশ উপেক্ষা করে সংস্থাটি ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে।
উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার অশোক কুমার জানান, কদমবাড়ি মৌজার ৪ শতাংশ জমি ১৯৮১ সালে পাউবোর ওয়াপদা বেড়িবাঁধ প্রকল্পের জন্য অধিগ্রহণ করা হয়। তিনি বলেন, ‘সম্প্রতি আমি ঘটনাস্থলে গিয়ে এনজিও কর্মকর্তাদের নির্মাণকাজ বন্ধ রাখতে বলেছি।’ স্থানীয় অমল বাড়ৈ ও হাসান মাহামুদ জানান, অশোক কুমার ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পরপর পুনরায় নির্মাণকাজ শুরু হয়।
তরঙ্গের ব্যবস্থাপক কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমি নতুন এসেছি, তাই কিছু বলতে পারব না। তবে ভবনটি নির্মাণ করে তাতে এলাকার দুস্থদের স্বাস্থ্যসেবা দেওয়া হবে।’ তিনি দাবি করেন, পাউবোর অনুমতি সাপেক্ষে নির্মাণকাজ করা হচ্ছে। এ ব্যাপারে পাউবোর বরিশাল অঞ্চলের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন বলেন, ‘আমরা ভবন নির্মাণ কিংবা গাছ কাটার অনুমতি দিইনি। অবৈধ দখলদার উচ্ছেদ করতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
ইউএনও আবুল কালাম তালুকদার বলেন, কাজ বন্ধ রাখার নির্দেশ অমান্য করে কাজ করলে সংস্থাটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।