পাউবোর জমি দখল করে দোকান-বসতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিশ্ববিদ্যালয় ও ময়ূরী নদীর মধ্যবর্তী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গায় গড়ে তোলা হয়েছে শতাধিক দোকানঘর ও বসতবাড়ি। এসব স্থাপনার কারণে বাঁধ ঝুঁকির মধ্যে পড়েছে। সরেজমিনে দেখা গেছে, পাউবোর ২৮/১ পোল্ডারের খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী ছাত্রাবাসের উত্তর দিকে প্রায় অর্ধকিলোমিটার এলাকাজুড়ে বাঁধের বরপিট ও স্লোপে এই স্থাপনা গড়ে তোলা হয়েছে। এর মধ্যে রয়েছে পাকা ও সেমিপাকা দোকানঘর ও বসতবাড়ি। ইসলামপুর এলাকার মো. রহিম বলেন, এই স্থানে ঘরবাড়ি করার ফলে বাঁধ ভেঙে যাচ্ছে এবং সেখান থেকে পানি ঢুকে ফসল নষ্ট হচ্ছে। গল্লামারী এলাকার ইদ্রিস আলী বলেন, নদীর পানি বেড়ে গেলে বাঁধের ভাঙা স্থান দিয়ে পানি ঢুকে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসসহ আশপাশের ১০-১২ একর জমি পানিতে তলিয়ে যায়। পাউবো-১-এর উপসহকারী প্রকৌশলী ম. আমজাদ আলী গত ১২ সেপ্টেম্বর এক নোটিশে সাত দিন সময় দিয়ে সব স্থাপনা অপসারণের নির্দেশ দেন। এরপর পাউবোর থুকড়া শাখার উপসহকারী প্রকৌশলী মু. হাসানুজ্জামান ৩০ সেপ্টেম্বর সাত দিনের সময় দিয়ে আবারও অপসরণের নির্দেশ দেন। একই স্থানে সিটি করপোরেশন ‘নগর অঞ্চল উন্নয়ন প্রকল্প’ গ্রহণ করেছে। এর জন্য মেয়র তালুকদার আবদুল খালেক এসব স্থাপনা উচ্ছেদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। কিন্তু এখন পর্যন্ত কোনো স্থাপনা সরানো হয়নি। পাউবোর উপসহকারী প্রকৌশলী ম. আমজাদ আলী বলেন, এরপর জেলা প্রশাসনের সহায়তায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। খুলনা পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী আবুল হোসেন বলেন, ‘আমরা উচ্ছেদ অভিযানের জন্য চেষ্টা চালাচ্ছি। আবার নতুন করে নোটিশও দিচ্ছি।’