পাউবোর জমির ছয় হাজার গাছ কেটে সাবাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদগঞ্জ উপজেলার শোল্লা গ্রামে পাউবোর জমিতে লাগানো গাছ কেটে ফেলা হয়েছে l ছবি: প্রথম আলো
ফরিদগঞ্জ উপজেলার শোল্লা গ্রামে পাউবোর জমিতে লাগানো গাছ কেটে ফেলা হয়েছে l ছবি: প্রথম আলো

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার শোল্লা গ্রামে পাউবোর ৮১ শতাংশ জমির প্রায় ৬ হাজার মেহগনিগাছ কেটে ফেলেছে স্থানীয় লোকজন। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাউবোর পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।
জানা গেছে, শোল্লা গ্রামের মৃত এমদাদুল ইসলাম চৌধুরীর ছেলে মো. নাছিরুল ইসলাম চৌধুরী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো), চাঁদপুর পওর বিভাগ থেকে ২০১২ সালের ১২ এপ্রিল ৮১ শতাংশ জমি ২০১৯ সালের ১১ এপ্রিল পর্যন্ত বনায়নের শর্তে ইজারা নেন। ওই বছরই তিনি সেখানে প্রায় ২ লাখ টাকা ব্যয়ে ৬ হাজার মেহগনির চারা রোপণ করেন। ইতিমধ্যে গাছগুলো ১৫ থেকে ২০ হাত উঁচু হয়ে গেছে। স্থানীয় শোল্লা উচ্চবিদ্যালয় এবং কলেজ কর্তৃপক্ষ বনায়নকৃত ওই জমি তাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঠ হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী ২৩ মার্চ দুপুরে বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী, শতাধিক ব্যক্তি মিলে এসব গাছ কেটে ফেলে।
শোল্লা এলাকার বাসিন্দা শাহজাহান, জয়নাল ও মহসিন ব্যাপারী জানান, ওই দিন দুপুরের দিকে কিছু লোক ও স্কুলের ছাত্ররা এসে দা দিয়ে গাছগুলো এক ঘণ্টার মধ্যে কেটে ফেলে। এসব গাছের কিছু অংশ তারা বিদ্যালয়ের আঙিনায় নিয়ে রাখে।
শোল্লা উচ্চবিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক আরিফুর রহমান দাবি করেন, ‘ইজারাগ্রহীতা নাছিরুল ইসলামের নির্দেশেই আমরা গাছগুলো কেটেছি।’ তবে এ বিষয়ে পাউবোর জমির ইজারাগ্রহীতা নাছিরুল ইসলাম চৌধুরী গতকাল শনিবার মুঠোফোনে বলেন, ‘আমি পাউবোর জমি লিজ নিয়েছি কিন্তু কোনো গাছ লাগাইনি। স্কুলের প্রধান শিক্ষক যদি বলে থাকেন আমার অনুমতি নিয়ে ছয় হাজার মেহগনি গাছ কেটেছেন, সেটা সঠিক নয়।’
পাউবো চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান বলেন, ‘আমাদের কাছ থেকে গাছ কাটার কোনো অনুমতি নেওয়া হয়নি। এ কারণে ফরিদগঞ্জ থানায় ২৪ মার্চ একটি মামলা করা হয়েছে।’
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, পাউবো কর্তৃপক্ষ এ বিষয়ে থানায় মামলা করেছে।