পাউবোর জমির দখল নিয়ে দুই পক্ষের বিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধিগ্রহণ করা ৪৪ শতাংশ জমির দখল নিয়ে দুই পক্ষে বিরোধ চলছে।জানা গেছে, বেড়িবাঁধ নির্মাণের জন্য ১৯৯৩ সালে পাউবো নারিকেলবাড়ী মৌজায় জর্জ ডি সিলভার ৪৪ শতাংশ জমি অধিগ্রহণ করে। কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট বাজার এলাকায় রেগুলেটরের উত্তর পাশের ওই জমি অব্যবহূত রয়ে গেছে। এ জমির দখল নিয়ে সাবেক মালিকের সঙ্গে স্থানীয় ব্যক্তিদের এ বিরোধ চলছে।জর্জ ডি সিলভা জানান, এ পর্যন্ত তিনি পাউবোর কাছ থেকে সম্পত্তির মূল্য বাবদ ক্ষতিপূরণ পাননি। তবে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কয়েকজন ব্যবসা-বাণিজ্যের কথা বলে তাঁর অনুমতি নিয়ে ওই জায়গায় কয়েকটি দোকানঘর ও বসতবাড়ি নির্মাণ করেন। এখন তাঁরা পুরো জায়গা দখলের পাঁয়তারা করছেন। তাঁরা এরই মধ্যে বন্দোবস্ত চেয়ে পাউবোর কাছে আবেদন করেছেন। জর্জ ডি সিলভা বলেন, ‘আমি ঢাকায় থাকার সুযোগে সুভাষ সরকার আমার দলিল করা অন্য সম্পত্তির মধ্যে গিয়েও বাড়িঘর করেছেন।’ওই জমিতে বসবাসকারী গ্রাম্যচিকিৎসক বিবেকানন্দ বাড়ৈ বলেন, ‘আমিসহ পাঁচজন পাউবোর কাছে বন্দোবস্ত চাওয়ায় ঈদের কয়েক দিন আগে জর্জ ডি সিলভার সমর্থকেরা আমার দোকানঘর ভাঙচুর করেছেন।’স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতা ও ইউপি সদস্য সদানন্দ বিশ্বাস বলেন, জর্জ ডি সিলভার জমির স্বত্ব দাবি করা অযৌক্তিক। পাউবো এরই মধ্যে ওই জমি অধিগ্রহণ করে নিয়েছে।গোপালগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী নবকুমার চৌধুরী বলেন, অধিগ্রহণ করা জমির বন্দোবস্ত পাওয়ার প্রথম দাবিদার হবেন মূল মালিক। তারপর অন্যদের আবেদন বিবেচনা করা হবে। মাদারীপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী অখিল কুমার বিশ্বাস বলেন, ‘অধিগ্রহণ করা জমির মালিক পাউবো। এ জমি নিয়ে সমস্যা হলে পাউবো তা সমাধান করবে।’