পাউবোর তিন ভবন লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তিনটি পরিত্যক্ত ভবন ভেঙে কয়েক লাখ ইট ও অন্যান্য মালামাল লুট করা হয়েছে। পাউবোর অনুমতি ও নিলাম বিজ্ঞপ্তি ছাড়াই স্থানীয় এক ব্যক্তি শ্রমিক দিয়ে ভবন তিনটি ভেঙে ফেলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় লোকজনের অভিযোগ, পানিসম্পদ প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সচিব (পিএস) আবদুস সালামের নাম ভাঙিয়ে ফারুক নামের এক ব্যক্তি দীর্ঘ দেড় মাস ধরে এ কাজ করেন।পানিসম্পদ প্রতিমন্ত্রীর পিএস আবদুস সালাম প্রথম আলোকে বলেন, ‘বেশ কয়েক বছর আগে আমি সিএমএম আদালতে কর্মরত থাকাকালে ফারুক আমাদের গাড়ির চালক ছিল। সে আমাকে বলেছে, নলী বন্দরে পাউবোর পরিত্যক্ত ছোট্ট একটা ভবন আছে, সেটা নলী মাধ্যমিক বিদ্যালয়কে দিলে বিদ্যালয়ের উপকার হয়। আমি যথাযথ নিয়ম মেনে বরগুনা পাউবোর নির্বাহী প্রকৌশলীকে নিলামের মাধ্যমে ওই ভবনটি বিদ্যালয় কর্তৃপক্ষকে দেওয়ার সুপারিশ করেছিলাম। কিন্তু এখন যেটা শুনছি সেটা খুবই দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত। আমার নাম ভাঙিয়ে সে যা করেছে তা প্রতারণার শামিল। এ জন্য ফারুকের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’পাউবো বরগুনা জেলা কার্যালয়ের কর্মকর্তারা জানান, পাউবোর ৪১/১ পোল্ডারের আওতায় সদর উপজেলার নলী বাজারে ১৯৬৭ সালে উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয় ও দুটি আবাসিক ভবন নির্মাণ করা হয়। আশির দশকের মাঝামাঝি ওই কার্যালয়টি বন্ধ করে দেওয়া হয়। এরপর দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ভবনগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, তিনটি ভবনই ভেঙে ফেলা হয়েছে। ভবনের ইট, রডসহ অন্যান্য মালামাল শ্রমিকেরা সরিয়ে নিচ্ছে। এলাকার বাসিন্দারা জানায়, জুলাই মাসের প্রথম দিকে ফারুক দফাদার নামে এক যুবক ১০০-১৫০ জন শ্রমিক নিয়োগ করে তিনটি ভবন ভাঙার কাজ শুরু করেন। নাম প্রকাশে অনিচ্ছুক নলী এলাকার বেশ কয়েকজন অভিযোগ করেন, ভবন ভাঙার পর ফারুক দফাদার পুরোনো রড ও কয়েক লাখ ইট এলাকার বিভিন্ন ব্যক্তির কাছে এবং বরগুনাসহ অন্যান্য স্থানে ট্রলারে করে নিয়ে বিক্রি করে দেন।ফারুক দফাদার বলেন, ‘নলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান আমাকে পরিত্যক্ত দালানগুলো ভেঙে বিদ্যালয়ের জন্য কিছু ইট দিতে বলেছিলেন। আমি তাঁর নির্দেশ অনুযায়ী ভেঙেছি এবং কিছু ইট বিদ্যালয়ের সামনে দিয়েছি।’ তিনি পানিসম্পদ প্রতিমন্ত্রীর পিএসের নাম ভাঙিয়ে ভবনগুলো ভাঙার অভিযোগ অস্বীকার করেন। প্রধান শিক্ষক মতিউর রহমান ফারুককে ভবন ভাঙার নির্দেশ দেওয়ার কথা অস্বীকার করেছেন। পাউবোর বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জহীর উদ্দিন আহম্মেদ প্রতিমন্ত্রীর পিএসের কাছ থেকে বিদ্যালয়কে পাউবোর একটি ভবন দেওয়ার ব্যাপারে সুপারিশ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নলী বাজারে অবস্থিত পরিত্যক্ত ভবন তিনটি যে ভাঙা হচ্ছে তা আমাকে কেউ জানায়নি। তবে জানার পর ঘটনাস্থলে লোক পাঠিয়েছি।’