পাউবোর দরপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ
পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দরপত্র দাখিলে বাধা এবং দরপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাউফল উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দাসপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ঠিকাদার এ এন এম জাহাঙ্গীর হোসেন পাউবোর পটুয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে এ এন এম জাহাঙ্গীর বলেন, বেড়িবাঁধ, স্লুইসগেট নির্মাণসহ বিভিন্ন প্রকল্পের সাতটি গ্রুপের সাড়ে চার কোটি টাকার দরপত্র দাখিলের শেষ দিন ছিল গত সোমবার। ওই দিন তিনি একটি কাজের দরপত্র দাখিল করতে বেলা ১১টার দিকে পাউবোর পটুয়াখালী কার্যালয়ে যান। এ সময় ক্ষমতাসীন দলের স্থানীয় কয়েকজন লোক তাঁকে দরপত্র দাখিলে বাধা দেন। একপর্যায়ে তাঁরা দরপত্র ছিনিয়ে নিয়ে নানা ধরনের হুমকি দেন। জাহাঙ্গীর এই দরপত্র বাতিল করে ই-টেন্ডারের মাধ্যমে পুনঃ দরপত্রের আহ্বান জানান।
পাউবোর পটুয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন জানান, পাউবো কার্যালয়ের বাইরে কী ঘটেছে তা তিনি জানেন না। তবে মৌখিকভাবে একজন ঠিকাদার তাঁকে দরপত্র দাখিলে বাধা দেওয়ার বিষয়টি জানিয়েছেন বলে জানান তিনি।