পাউবোর দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাওর অঞ্চলে বাঁধ ভেঙে ফসলহানির ঘটনায় দায়ী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে অনুমিত হিসাব-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল বৃহস্পতিবার বিকেলে সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে সভায় আরও অংশ নেন কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ, সিরাজুল আকবর, হাফিজ আহমদ মজুমদার, মোস্তফা ফারুক মোহাম্মদ, এস কে আবু বাকের, রাফিকুল ইসলাম, ফজলে হোসেন বাদশা ও ফরিদুন্নাহার লাইলী। এ সময় পানিসম্পদ সচিব শেখ ওয়াহিদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় জানানো হয়, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির জন্য সুনামগঞ্জের হাওর অঞ্চলে বাঁধ মেরামত ও ক্লোজার নির্মাণের কাজ সময়মতো শেষ হয়নি। এ কারণে হাওরের বাঁধগুলো অকাল বন্যার পানি ঠেকাতে পারেনি। আর তাতে বাঁধ ভেঙে হাওরের অধিকাংশ ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এ কাজের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। সভায় জানানো হয়, চলতি অর্থবছরে পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন পানি উন্নয়ন বোর্ড, নদী গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ডের মাধ্যমে মোট ৪৮টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।