পাউবোর দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের গ্রেপ্তার দাবি
নেত্রকোনায় বন্যাদুর্গত হাওরাঞ্চলের প্রাকৃতিক ও সামাজিক সমস্যা সমাধানে করণীয় নিয়ে গতকাল শনিবার সেমিনার হয়েছে। এতে বাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা ও ঠিকাদারদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।
শহরের মোক্তাপাড়া এলাকায় সাংস্কৃতিক সংগঠন দুর্বার গোষ্ঠীর কার্যালয়ে বেলা ১১টার দিকে ওই সেমিনার হয়। স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ এর আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান। সভাপতিত্ব করেন জনউদ্যোগের আহ্বায়ক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী। সেমিনারের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নেত্রকোনা প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল।
বক্তারা সমস্যা সমাধানে স্থায়ী বাঁধ নির্মাণ, ধনু নদ খনন, পাউবোর দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা ও ঠিকাদারদের গ্রেপ্তার করে টাকা জব্দ করে সরকারি কোষাগারে জমা, জলমহাল জেলেদের জন্য উন্মুক্তকরণ, ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী ফসল ঘরে না ওঠা পর্যন্ত পুনর্বাসন, পুষ্টির চাহিদা মেটাতে শাকসবজি, মাছ-মাংস সরবরাহ, পানিতে মাছের পোনা অবমুক্তকরণসহ বিভিন্ন দাবি উপস্থাপন করেন।