পাউবোর বহরে আরও তিনটি নতুন ড্রেজার
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বহরে যুক্ত হয়েছে নতুন তিনটি ড্রেজার (খনন যন্ত্র)। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরের মাঝিরঘাটে কর্ণফুলী শিপ বিল্ডার্সের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নির্মাণকারী প্রতিষ্ঠান থেকে এসব ড্রেজার বুঝে নেয় পাউবো।
পাউবোর দরপত্রে ড্রেজার তিনটি নির্মাণের জন্য নির্বাচিত হয়েছিল দেশি-বিদেশি যৌথ অংশদারি প্রতিষ্ঠান ‘ভোস্তা এলএমজি-কর্ণফুলী জয়েন্ট ভেনচার কনসোর্টিয়াম লিমিটেড’। প্রতিষ্ঠানটি ২৬০ কোটি টাকায় এই তিনটি ড্রেজার নির্মাণ করেছে। গতকাল প্রতিষ্ঠানটি পাউবোর কাছে ড্রেজার তিনটি হস্তান্তর করে। আনুষ্ঠানিকতা শেষে কর্ণফুলী নদীতে নোঙর করে রাখা তিনটি ড্রেজার চালু করে দেখানো হয়। এ সময় পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলামসহ অতিথিরা ড্রেজার তিনটি ঘুরে দেখেন।
অনুষ্ঠানে জানানো হয়, নতুন তিনটি ড্রেজার প্রতি ঘণ্টায় তিন হাজার ঘনমিটার বালু-মাটি উত্তোলন করতে সক্ষম। ‘২৬ ইঞ্চি ড্রেজার’ হিসেবে পরিচিত এই তিনটি ড্রেজারের সঙ্গে ছয়টি সহায়ক জলযান ও অন্যান্য সরঞ্জাম রয়েছে। প্রতিটি ড্রেজার দিয়ে বালু-মাটি উত্তোলন করার পর তা পাইপের সাহায্যে দেড় কিলোমিটার দূরে অপসারণ করা যায়। এসব ড্রেজার দিয়ে নদীর ১৭ মিটার গভীর পর্যন্ত তলদেশ থেকে থেকে বালু-মাটি উত্তোলন করা সম্ভব।
অনুষ্ঠানে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, নতুন তিনটি ড্রেজারের পলি-মাটি অপসারণের ক্ষমতা বছরে ৭২ লাখ ঘনমিটার। এই তিনটি ড্রেজার যুক্ত হওয়ায় পানি উন্নয়ন বোর্ডের পলি-মাটি খননের ক্ষমতা ৬০ শতাংশ বেড়ে ১ কোটি ৯৪ লাখ ঘনমিটার হয়েছে। তবে নদ-নদীর নাব্যতা রক্ষা করতে খুব দ্রুত আরও ৩০ থেকে ৪০টি ড্রেজারের প্রয়োজন হবে। শুধু জাহাজ চলাচলের জন্য নাব্যতা বাড়ানো নয়, নদীর ধারণক্ষমতা বাড়াতে হবে।
পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, দেশের চাহিদা পূরণ করে জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানগুলো এখন বিদেশেও রপ্তানি করছে। কর্ণফুলী শিপ বিল্ডার্সের তৈরি করা তিনটি ড্রেজার নদ-নদীর নাব্যতা ফেরাতে ভূমিকা রাখবে।
কর্ণফুলী শিপ বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রশিদ বলেন, ১৯৯৪ সালে শিপ ইয়ার্ড চালুর পর এ পর্যন্ত ৬৫০টি জাহাজ ও জলযান মেরামত হয়েছে প্রতিষ্ঠানটিতে। জাহাজ নির্মাণ হয়েছে ২০০টি। প্রতিষ্ঠানটি অত্যাধুনিক ১৫টি ড্রেজার নির্মাণ করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ ও পানি উন্নয়ন বোর্ডকে সরবরাহ করেছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাসুদ আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম মাহমুদ হাসান ও নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের ব্যবস্থাপনা পরিচালক কমোডর এম খুরশীদ মালিক।