পাউবোর বাঁধের পাশ থেকে বালু উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ভাঙন রোধের জন্য পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্মাণ করা বাঁধের পাশ থেকে তিন মাস ধরে বালু উত্তোলন করা হচ্ছে। এতে করে বাঁধটির কাছে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যেকোনো মুহূর্তে বাঁধটি ধসে পড়ার আশঙ্কা করা হচ্ছে। পাউবো ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৮ সালে ভেদরগঞ্জ উপজেলার সখীপুর-তারাবুনিয়া সড়কের আনন্দবাজার এলাকায় পদ্মার একটি শাখানদীতে ৮৬ লাখ টাকা ব্যয়ে আড়াআড়ি বাঁধ দেয় পাউবো। পরে বাঁধের ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পাকা সড়ক নির্মাণ করে।সরেজমিনে দেখা গেছে, বাঁধের দুই পাশে তিনটি খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, ওই খননযন্ত্র তিনটির মালিক হচ্ছেন স্থানীয় জামাল সিকদার, সেলিম বাঘা ও আকবর দেওয়ান। তাঁদের সঙ্গে বালুর ব্যবসা করছেন সখীপুর বাজারের ব্যবসায়ী তারেক মাস্টার ও মুরাদ সরদার। একেকটি খননযন্ত্রে প্রতিদিন তিন থেকে চার হাজার ফুট বালু উত্তোলন করা হয়। তিন মাস ধরে বালু উত্তোলনের ফলে নদীর বাঁধের কাছের অংশে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে আগামী বর্ষা মৌসুমে পাউবোর বাঁধে ভাঙনের সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। আনন্দবাজার এলাকার বাসিন্দা লিয়াকত আলী ও সাহাদাৎ ব্যাপারী বলেন, বাঁধের পাশ থেকে যেভাবে বালু উত্তোলন করা হচ্ছে তাতে শিগগিরই বাঁধে ভাঙনের সৃষ্টি হবে। এলাকাবাসী বিষয়টি ভেদরগঞ্জ থানার পুলিশকে জানিয়েছে। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।খননযন্ত্রের মালিক জামাল সিকদার বলেন, তাঁরা থানার সঙ্গে যোগাযোগ করে ড্রেজারের ব্যবসা করছেন। সারা দেশে এভাবেই ড্রেজারের ব্যবসা চলছে। তাই কারও কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। বালু ব্যবসায়ী তারেক মাস্টার বলেন, নদীর তীরবর্তী এলাকার জমি ভাড়া নিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। কারও কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই তাঁরা বালুর ব্যবসা করছেন। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ধীরেন্দ্র চন্দ্র মহাপাত্র বলেন, ‘কোনো বালু ব্যবসায়ীর সঙ্গে আমাদের যোগাযোগ নেই। নদীতে খননযন্ত্র স্থাপনের খবর পেলেই আমরা তাতে বাধা দিই।’ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর বলেন, বাঁধের কাছ থেকে বালু উত্তোলন করা হচ্ছে—এমন কোনো অভিযোগ পাউবো দেয়নি। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।পাউবো শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী আবদুল খালেক বলেন, ‘বাঁধের কাছ থেকে বালু উত্তোলন করা হচ্ছে—এমন কোনো খবর আমাদের কাছে আসেনি। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’